গৌরনদীতে প্রধানমন্ত্রীর গাড়ি বহরে হামলা মামলার রায় পুনর্বিবেচনায় আপিল
তৎকালীন বিরোধী দলীয় নেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়ি বহরে হামলার মামলায় সকল অসামীদের খালাস দেওয়ার আদেশের অসম্মতিতে রাষ্ট্র পক্ষ ফৌজদারি আপিল দায়ের করেছেন।
সোমবার (২৩ নভেম্বর) বরিশাল জেলা ও দায়রা জজ আদালতে পিপি ও বরিশাল মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাড. এ কে এম জাহাঙ্গীর আপিলটি দায়ের করেন।
আদালতের বিচারক মোঃ রফিকুল ইসলাম আপিলটি আমলে নিয়ে ৩০ নভেম্বর আসামীদের উপস্থিতে শুনানির জন্য ধার্য করেন।
আসামীরা হলেন, বিএনপির সাবেক এমপি জহির উদ্দিন স্বপন, বিএনপি নেতা সরোয়ার আলম, মুকুল খান, হান্নান শরীফ, বদিউজ্জামান মিন্টু, আঃ আউয়াল লোকমান, ঝিন্টু তালুকদার সহ ১৬ জন। সকল আসামীদের বাড়ি গৌরনদী উপজেলায়।
মামলা সূত্রে জানা গেছে, ২০০৪ সালে ১ এপ্রিয় বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা গৌরনদীতে জনসভায় যোগ দিতে ঢাকা হতে যাত্রা শুরু করেন। বেলা সাড়ে ১২ টায় গৌরনদী বাসস্ট্যান্ডে পৌঁছা মাত্র আসামীরা তার গাড়ি বহরে হামলা করেন। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। স্থানীয় আওয়ামী লীগের বেশ কয়েকজন গুরুতর আহত হন। এর আগে জনসভা স্থলের মঞ্চে হামলা ও ভাঙচুর চালান আসামীরা।
তখন বিএনপি ক্ষমতায় থাকায় মামলা দায়ের করতে ব্যর্থ হন আওয়ামী লীগের নেতাকর্মীরা। পরবর্তীতে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর গৌরনদী থানায় ২০০৯ সালের ২০ জুলাই মামলা (মামলা নাম্বার ১০) দায়ের করেন। পরে ৩ জন তদন্তকারী কর্মকর্তা তদন্ত শেষ ৪০ জন আসামীর বিরুদ্ধে অভিযোগ পত্র দাখিল করেন। পরে ২০১৩ সালের ১৯ মে জহির উদ্দিন স্বপন সহ ১৬ জন আসামীর বিরুদ্ধে অভিযোগ গঠন করে আদালত। ঐ সময় ২৫ জন সাক্ষীর মধ্যে ৬ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেন আদালত। ২০১৮ সালের ৫ আগস্ট অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শিহাবুল ইসলাম আসামীদের খালাস প্রদান করেন।
আপিলে উল্লেখ করা হয়, ঐ রায়ে ৪০ জন আসামীর বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ থাকা সত্ত্বেও ১৬ জন আসামীর বিরুদ্ধে অভিযোগ গঠন, ২৫ জন স্বাক্ষীর মধ্যে মাত্র ৬ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ, অভিযোগকারী ও জখমি নুরুল হক এবং ডাক্তার সমির মিত্রের সাক্ষ্য গ্রহণ না করা সহ একাধিক কারণে রাষ্ট্র পক্ষ ক্ষতিগ্রস্ত হয়েছে।
এ সম্পর্কে জানতে চাইলে আপিল দায়েরকারী, বরিশাল জেলা ও দায়রা জজ আদালতে পিপি ও বরিশাল মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাড. এ কে এম জাহাঙ্গীর বলেন, তৎকালীন বিরোধী দলীয় নেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়ি বহরে হামলার মামলার রায় ন্যায় বিচারের পরিপন্থী হওয়ায় আপিল দায়ের করা হয়েছে।
এমবি