আগৈলঝাড়ায় মোবাইলের দোকানে চুরি

আগৈলঝাড়া উপজেলা সদর কলেজ রোড এলাকায় রাতের আঁধারে একটি মোবাইলের দোকানে চুরির ঘটনা ঘটেছে। এঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
জানা গেছে, শনিবার রাতে উপজেলার সদর কলেজ রোড এলাকায় রাকিব মোবাইল সেলস্ এন্ড সার্ভিস সেন্টারের দোকানের উপরের চালের টিন কেটে চোরের দল দোকানের ভিতর প্রবেশ করে মোবাইল সেট, ব্যাটারী, কট, মেমোরিকার্ডসহ প্রায় চল্লিশ হাজার টাকার মালামাল নিয়ে যায়। চুরির ঘটনা তাৎক্ষণিক জানতে পেরে ঘটনাস্থলে আসেন বাজার কমিটির সদস্য ফয়জুল সেরনিয়াবাত, দোকান মালিক রাশেদুল ইসলাম
। দোকান মালিক রাশেদুল ইসলাম চুরির ঘটনায় আগৈলঝাড়া থানায় অভিযোগ দায়ের করলে উপপরিদর্শক (এসআই) আলী হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন। উপপরিদর্শক (এসআই) আলী হোসেন জানান, দোকানে চুরির ঘটনায় থানায় অভিযোগ দেয়া হয়েছে। চুরির মালামাল উদ্ধার ও চোরকে শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
এইচকেআর