আগৈলঝাড়ায় ৩০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বরিশালের আগৈলঝাড়ায় র্যাবের বিশেষ অভিযানে তিনশত পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম ছরোয়ার জানান, শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে বরিশাল র্যাব-৮ এর বিশেষ অভিযানে উপজেলার রত্নপুর ইউনিয়নের মিশ্রিপাড়া বটতলা এলাকা থেকে সেরাল গ্রামের মৃত আব্দুল বারেক হাওলাদারের ছেলে মাদক ব্যবসায়ী পলাশ হাওলাদার (৩৫) ও গৌরনদী উপজেলার উত্তর বিজয়পুর গ্রামের মনসুর আলীর ছেলে মাদক ব্যবসায়ী নাছির উদ্দিনকে তিনশত পিস ইয়াবাসহ গ্রেপ্তার করে র্যাবের উপপরিদর্শক মো. আবুল কালাম আজাদ।
র্যাবের উপপরিদর্শক মো. আবুল কালাম আজাদ জানান, মাদক কেনা বেঁচার গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার রত্নপুর ইউনিয়নের মিশ্রিপাড়া বটতলা এলাকা থেকে দুই মাদক ব্যবসায়ীকে তিনশত পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় শনিবার রাতেই মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে ।
গ্রেপ্তারকৃত দুই মাদক ব্যবসায়ী নাছির উদ্দিন ও পলাশ হাওলাদারকে রোববার সকালে বরিশাল আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
এইচকেআর