আগৈলঝাড়ায় ভ্রাম্যমাণ আদালতের হস্তক্ষেপে স্কুল ছাত্রীর বাল্যবিয়ে বন্ধ

বরিশালের আগৈলঝাড়ায় ৯ম শ্রেনীর স্কুল ছাত্রীর বাল্যবিয়ে বন্ধ করে দিয়ে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত । এসময় স্কুলছাত্রীকে বাল্যবিয়ে দেয়ার অপরাধে তার পিতাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয় ।
ভ্রাম্যমাণ আদালত ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার বাকাল গ্রামের জলিল খলিফার মেয়ে ও ডুমুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ৯ম শ্রেনীর ছাত্রী কেয়া আক্তারের সাথে বুধবার বিকেলে পাশ্ববর্তী কোটালীপাড়া উপজেলার রামশীল গ্রামের হাকিম মিয়ার ছেলে সোহেল মিয়ার বিয়ের আয়োজন চলছিল। বাল্য বিয়ের গোপন সংবাদ পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক নেহের নিগার তনু বিকেলে ওই বিয়ে বাড়িতে গিয়ে হাজির হন।
সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক নেহের নিগার তনু জানান, স্কুল ছাত্রীর বাল্যবিয়ে বন্ধ করে দিয়ে মেয়ের পিতা জলিল খলিফাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। ১৮ বছর না হওয়া পর্যন্ত জলিল খলিফা তার মেয়ের বিয়ে দেবে না মর্মে মুচলেখা দেন। এসময় বর পক্ষের কোন লোকজন উপস্থিত ছিল না।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা দৌলাতুন নেছা নাজমা, সহকারী কমিশনার (ভূমি) অফিসের পেশকার সোহেল আমিন ও আনসার সদস্যরা।
এইচকেআর