জিয়াউর রহমানের কবরে বরিশাল বিএনপির নবগঠিত কমিটির শ্রদ্ধা

নবগঠিত বরিশাল জেলা ও মহানগর বিএনপির কমিটির নেতাবৃন্দ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন। রাজধানীর চন্দ্রিমা উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানান তারা। এসময় ভোটবিহীন ইউনিয়ন পরিষদ নির্বাচন হচ্ছে বলে মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান।
ইউপি নির্বাচন প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এই সরকার যতদিন থাকবে ততদিন নির্বাচন করে কোনো লাভ নেই। নির্বাচন মানে হলো নতুন সরকার আসা এবং জনগণের কাছে যাদের জবাবদিহি থাকবে। সেখানে জবাবদিহি ছাড়া ভোটবিহীন ইউনিয়ন পরিষদ নির্বাচন হচ্ছে।
এসময় দেশে বর্তমানে গণতন্ত্র সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে মন্তব্য করেন সেলিমা রহমান।
শ্রদ্ধা নিবেদনকালে বিএনপির ভাইস চেয়ারম্যান জয়নুল আবেদীন, সাবেক এমপি জহির উদ্দিন স্বপন, বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন, সদ্য দায়িত্ব পাওয়া বরিশাল দক্ষিণ জেলার আহ্বায়ক মজিবর রহমান নান্টু, সদস্য সচিব আকতার হোসেন মেবুল, বরিশাল উত্তর জেলার আহ্বায়ক দেওয়ান মোহাম্মদ শহীদুল্লাহ, সদস্য সচিব মিজানুর রহমান মুকুল, বরিশাল মহানগর আহ্বায়ক মনিরুজ্জামান ফারুক প্রমুখ উপস্থিত ছিলেন।
এমবি