উজিরপুরে নৌকা প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডের তথ্য গোপন করায় বরিশালের উজিরপুরে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী আব্দুস ছাত্তার মোল্লার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। বুধবার (১০ নভেম্বর) বিকেলে আপিল শুনানি শেষে তার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মো. নুরুল আলম।
সাত্তার মোল্লা উপজেলার গুঠিয়া ইউনয়নের পাথুনিয়াকাঠী এলাকার বাসিন্দা ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এবং তিনি গুঠিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নৌকা প্রতীকে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছিলেন।
উজিরপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা আব্দুর রশিদ বলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচন বিধিমালা অনুযায়ী কোনো ব্যক্তির বিরুদ্ধে দুই বছরের অধিক সাজা থাকলে তিনি নির্বাচনে প্রার্থিতা করতে পারবেন না। দুই বছরের কম থাকলে সাজা ভোগের পর পাঁচ বছর অতিবাহিত হলে ওই ব্যক্তি নির্বাচনে প্রার্থী হতে পারবেন। তবে ছাত্তার মোল্লা হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি। নির্বাচনে তিনি প্রার্থী হয়েছিলেন। মনোনয়ন যাচাই-বাছাইয়ে ছাত্তার মোল্লাকে বৈধ প্রার্থী ঘোষণা করার পর তা চ্যালেঞ্জ করে জেলা নির্বাচন কার্যালয়ে আপিল করেছিলেন গুঠিয়া ইউনিয়নের আরেক চেয়ারম্যান প্রার্থী মো. নাসির উদ্দিন।
আব্দুর রশিদ আরও বলেন, বিকেলে জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে দুপক্ষের শুনানি অনুষ্ঠিত হয়। এতে ছাত্তার মোল্লা ও মো. নাসির উদ্দিনের আইনজীবীরা অংশ নেন। দীর্ঘ শুনানি শেষে ছাত্তার মোল্লার মনোনয়ন বাতিল ঘোষণা করেন জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মো. নুরুল আলম।
এমবি