খামারিদের সংহতিকরণ সংক্রান্ত বিভাগীয় কর্মশালা অনুষ্ঠিত
প্রাণিসম্পদ অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের (এলডিডিপি) আওতায় খামারিদের নিয়ে প্রডিউসার গ্রুপ গঠন ও সংহতিকরণ সংক্রান্ত বিভাগীয় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
প্রাণিসম্পদ অধিদপ্তর ও জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) যৌথভাবে বরিশাল বিভাগে এ কর্মশালার আয়োজন করেছে।
বুধবার সকাল ১০ টায় নগরের বিডিএস মিলনায়তনে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ডা. মনজুর মোহাম্মদ শাহজাদা। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার গ্রামীণ এলাকার উন্নয়নে কাজ করছে। এ জন্য সরকার প্রাণিসম্পদ খাতকে গুরুত্ব দিচ্ছে। এ খাতে দক্ষ জনশক্তি তৈরির মাধ্যমে সরকার উদ্যোক্তা সৃষ্টি করছে, যাতে তারা স্বাধীনভাবে কাজ করতে পারে। প্রাণিসম্পদ খাতে সম্পৃক্ত জনশক্তি দেশের উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ জন্য প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পসহ বিভিন্ন প্রকল্পের মাধ্যমে দক্ষ ও প্রশিক্ষিত জনশক্তি তৈরির জন্য সরকার কাজ শুরু করেছে।
তিনি বলেন, বাস্তব অভিজ্ঞতা ও পারিপার্শ্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে প্রান্তিক মানুষদের প্রশিক্ষণ দিয়ে তাদের দক্ষতা বৃদ্ধি করতে হবে। তৃণমূল মানুষদের দক্ষ জনশক্তিকে পরিণত করতে না পারলে জাতিকে সামনে এগিয়ে নেওয়া যাবে না। আমাদের জনসংখ্যা বর্তমানে জনশক্তিতে পরিণত হয়েছে। আগামীর লক্ষ্য তৃণমূল মানুষদের দক্ষ জনশক্তিতে পরিণত করা। এভাবে আমরা টেকসই উন্নয়ন করতে চাই।
কর্মশালায় সভাপতিত্ব করেন, প্রকল্পের চিফ টেকনিক্যাল কোঅর্ডিনেটর ড. গোলাম রাব্বানী।
এতে স্বাগত বক্তব্য রাখেন, ন্যাশনাল এনিমেল হেলথ এক্সপার্ট একেএম মোস্তোফা আনোয়ার।
এলডিডিপি প্রকল্প নিয়ে উপস্থাপন করেন, জুলিয়াস মাকামি, পিএইচডি ন্যাশনাল কনসালটেন্ট খান মো. শহিদুল হক।
কর্মশালায় বক্তারা বলেন, আমাদের দেশে আমরা মাংস, ডিমে স্বয়ংসম্পূর্ণ। এই প্রকল্পের মাধ্যমে আমরা দুধে স্বয়ংসম্পূর্ণ হব। তারা বলেন, আমাদের মাংস ও দুধ উৎপাদন, বাজারজাতকরণের ক্ষেত্রে কাজ করতে হবে। দেশীয় পদ্ধতিতে মাংস ঝুলিয়ে রাখা ও দুধ বহনে বোতল, কন্টেইনার ব্যবহারে স্বাস্থ্যঝুঁকি বাড়ে বলে এর সঠিক পরিবর্তনের জন্য কাজ করতে হবে। আমাদের কর্মীদের দক্ষতার মাধ্যমে এই অবস্থার পরিবর্তন ঘটাতে হবে। এক্ষেত্রে আমরা কৃষকদের গ্রুপ সাপোর্ট দেব। এলক্ষ্যে সকলকে আন্তরিকতার সাথে দায়িত্ব পালনের আহবান জানান বক্তারা।
এমবি