ঢাকা বুধবার, ২২ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম

আগৈলঝাড়ায় গণপরিবহন বন্ধ, চরম ভোগান্তিতে যাত্রীরা

আগৈলঝাড়ায় গণপরিবহন বন্ধ, চরম ভোগান্তিতে যাত্রীরা
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে সারাদেশের ন্যায় বরিশালের আগৈলঝাড়ায় গণপরিবহন বন্ধ রেখেছে বাস মালিক-শ্রমিকরা।

শুক্রবার সকাল থেকেই বাস চলাচল বন্ধ রয়েছে। এতে গন্তব্যে পৌঁছাতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। বাস কাউন্টারে ও সড়কে এসে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করে অনেকেই ফিরে যাচ্ছেন। আবার অনেকে হেঁটেই গন্তব্যে রওনা দিচ্ছেন। কেউ কেউ অতিরিক্ত ভাড়া গুণে ছোট পরিবহনে ছুটছেন।

আগৈলঝাড়া উপজেলার পয়সারহাট বাসষ্ট্যান্ডে সকাল ৬টা থেকে দূরপাল্লার সকল ধরনের বাস ও মিনিবাস চলাচল বন্ধ রয়েছে। এতে বিভিন্ন রুটের যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছেন। এছাড়া আগৈলঝাড়া বাসষ্ট্যান্ড থেকে আন্তঃজেলা বাস এবং খুলনা, যশোর ও বেনাপোলের কোনও বাস ছেড়ে যায়নি।

মোটর শ্রমিক ইউনিয়নের চালক আলামিন হোসেন বলেন, করোনাকালে মালিক ও শ্রমিকরা বিপদে ছিল। এখন তেলের দাম বৃদ্ধিতে আবারও সঙ্কট সৃষ্টি হচ্ছে। এঅবস্থায় গণপরিবহন না চলায় যাত্রীরা চরম বিপাকে পড়েছেন। অনেকে চাকরির পরীক্ষাসহ জরুরি প্রয়োজনে বরিশাল অথবা ঢাকা যাওয়ার জন্য সড়কে এসে দাঁড়িয়ে ছিলেন।

বাস বন্ধের কারণে গন্তব্যে পৌঁছাতে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। বিকল্প যানবাহনে বাড়তি ভাড়ায় গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করছেন তারা।

সজল দত্ত নামের এক যাত্রী বলেন, হঠাৎ করেই গণপরিবহন বন্ধ করে দেওয়ায় সড়কে কোনও বাস বা মিনিবাস নেই। তাই বাধ্য হয়ে কয়েকগুণ টাকা দিয়ে তাকে অটোরিকশায় ও ইজিবাইকে করে বরিশাল যেতে হয়েছে।

তেলের দাম বাড়ানোর কারণে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে পরিবহণ চালক ওয়াসিম সন্যামত বলেন, হঠাৎ করেই একসঙ্গে প্রতি লিটারে ১৫ টাকা বাড়ানোর ঘটনা এটাই প্রথম। এতে বাসের প্রতি ট্রিপেই খরচ বেড়ে গেছে কয়েক হাজার টাকা। এর মাশুল গুনতে হবে সাধারণ যাত্রী ও ব্যবসায়ীদের। এদিকে হঠাৎ করে গণপরিবহণ বন্ধের ঘোষণায় বিপাকে পড়েছেন চাকরি প্রার্থীরা।

গৈলা বাজারের ব্যবসায়ী একলেচ সরদার জানান, জ্বালানি তেলের এই অস্বাভাবিক মূল্যবৃদ্ধির ফলে পণ্য পরিবহণ খরচ বাড়বে। এতে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য আরও বাড়বে। বাস ভাড়া বৃদ্ধির কারণে যাতায়াত খরচও বাড়বে।

কৃষি ও সেচসহ জ্বালানি তেলের সঙ্গে সংশ্লিষ্ট সব সেবা খাতে মূল্যবৃদ্ধির মারাত্মক প্রভাব পড়বে। এতে জনগণের ভোগান্তি আরও চরম আকার ধারণ করবে। তাই পরিবহন মালিক শ্রমিকরা অবিলম্বে ডিজেল ও কেরোসিনের বর্ধিত মূল্য প্রত্যাহারের সঙ্গে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণেরও দাবি জানান।

 

 


এমবি
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ