বরিশালে বিএনপির শুভেচ্ছা মিছিলে পুলিশের লাঠিচার্জের অভিযোগ
বরিশালে বিএনপির শুভেচ্ছা মিছিলে লাঠিচার্জ করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার রাতে নগরীর কাকলীর মোড়ে
শুভেচ্ছা মিছিলে লাঠিচার্জ করে পুলিশ। এতে বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন বলে দাবি করা হয়েছে বিএনপির পক্ষ থেকে।
জানা গেছে, নতুন আহবায়ক মরিজ্জামান ফারুককে শুভেচ্ছা জানাতে মিছিলসহকারে কাকলীর মোড়ে জমায়েত হন বিএনপির নেতাকর্মীরা। এসময় তাদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করে পুলিশ। লাঠিচার্জে মহানগর স্বেচ্ছাসেবকদলের সভাপতি মাহাবুবুর রহমান পিন্টু সহ বেশ কয়েকজন নেতাকর্মী আহত হন বলে দলীয় সংবর্ধনা সভা থেকে অভিযোগ করা হয়।
এর আগে নেতা কর্মীদের ভালোবাসা ও উষ্ণ সংবর্ধনায় সিক্ত হন মহানগর বিএনপির সদ্য ঘোষিত কমিটির আহবায়ক মো. মনিরুজ্জামান খাঁন ফারুক। ঢাকা থেকে বৃহস্পতিবার সন্ধ্যায় ফিরলে প্রথমে বিমান বন্দরে তাকে ফুলেল শুভেচ্ছার মধ্য দিয়ে সংবর্ধনা দেয়া হয়। এরপর দলীয় কার্যালয়ে দ্বিতীয় দফায় তাকে ফুলেল সংবর্ধনায় সিক্ত করা হয়।
মনিরুজ্জামান ফারুকের নগরীতে আগমনের খবরে বিকেল থেকেই নেতাকর্মীরা বিমান বন্দরে ভিড় করেন। সন্ধ্যার পর তিনি বরিশাল বিমান বন্দরে এসে পৌঁছালে হাজারো নেতাকর্মী তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। তাকে অভ্যর্থনা জানাতে অন্তত ৫’শ মোটর সাইকেল ও অর্ধশত প্রাইভেটকার বিমান বন্দরে যায়। সেখান থেকে ওই সকল যানের বহরযোগে তাকে দলীয় কার্যালয়ে নিয়ে আসা হয়। পরে সেখানে জেলা ও মহানগরের শীর্ষ নেতাদের সাথে শুভেচ্ছা বিনিময় ও সংক্ষিপ্ত আলোচনা সভা করেন মনিরুজ্জামান ফারুক।
এ সময় তিনি সকলকে নিয়ে এক সাথে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করে বলেন, বরিশাল বিএনপিতে কোন কোন্দল ও গ্রুপিং থাকতে পারবে না। বর্তমান নেতৃবৃন্দের নেতৃত্বে অতীতের যে কোন সময়ের চেয়ে বরিশাল বিএনপির প্রতিটি ইউনিট শক্তিশালী হয়ে গড়ে উঠবে বলে আশা প্রকাশ করেন তিনি।
এ সময় সদস্য উত্তর জেলা বিএনপির আহবায়ক দেওয়ান মো. শহীদুল্লাহ, মহানগরের সচিব এ্যাড. মীর জাহিদুল কবির, জেলা দক্ষিণের সদস্য সচিব এ্যাড. আকতার হোসেন মেবুল, উত্তরের সদস্য সচিব মিজানুর রহমান মুকুল, মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি মনিরুল আহসান তালুকদার, মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি মাহবুবুর রহমান পিন্টু, সম্পাদক মশিউর রহমান মঞ্জু, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক কামরুল আহসান, মহানগর ছাত্রদলের সভাপতি রেজাউল কবির রনি প্রমুখ উপস্থিত ছিলেন।
এমবি