বরিশাল সদরে আ’লীগের ৭ বিদ্রোহী বহিষ্কার

বরিশাল সদর উপজেলার ছয়টি ইউনিয়নে নৌকা প্রতীক নিয়ে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামী লীগের প্রার্থীরা। তবে দলীয় প্রার্থীর বাইরে পাঁচটি ইউনিয়নে প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামী লীগের বিদ্রোহীরা। তাই দলীয় সিদ্ধান্ত উপেক্ষার পাশাপাশি শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ এনে আওয়ামী লীগের সাত বিদ্রোহী প্রার্থীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। বরিশাল সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. হালিম রেজা মোফাজ্জেল স্বাক্ষরিত এক আদেশে তাদের বহিষ্কার করা হয়।
বহিষ্কৃতরা হলেন- রায়পাশা-কড়াপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান হাবিবুর রহমান খোকন ও মিজানুর রহমান জাকির, শায়েস্তাবাদ ইউনিয়নে রুবেল হোসেন মামুন, চরমোনাই ইউনিয়নে মো. গিয়াস হাওলাদার, চরকাউয়া ইউনিয়নে মো. সুলতান আহম্মেদ খান ও হারুন অর রশীদ এবং চাঁদপুরা ইউনিয়নে মো. জাহিদ হোসেন।
তথ্য নিশ্চিত করে সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. হালিম রেজা মোফাজ্জেল জানান, ‘আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সদর উপজেলার ৬টি ইউনিয়নে বাংলাদেশ আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন গত ৯ অক্টোবর দলের প্রার্থী ঘোষণা করেন।
সিদ্ধান্ত অনুযায়ী রায়পাশা-কড়াপুরে মো. শাহরিয়ার বাবু, শায়েস্তাবাদে আরিফুজ্জামান মুন্না, চরমোনাইতে মো. নুরুল ইসলাম মাষ্টার, চরকাউয়ায় মো. মনিরুল ইসলাম ছবি, চাঁদপুরা ইউনিয়নে মো. হেলাল উদ্দিন খান ও চন্দ্রমোহন ইউনিয়নে এস.এম মতিউর রহমান সরদারকে নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
তিনি বলেন, দলের সিদ্ধান্ত উপেক্ষা করে উপজেলার পাঁচটি ইউনিয়নে সাতজন বিদ্রোহী প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। যেটা দলীয় শৃঙ্খলা পরিপস্থি। তাই ওই সাতজনকেই বৃহস্পতিবার আওয়ামী লীগ থেকে বহিষ্কার করা হয়েছে। তাদেরকে বহিষ্কারের অনুলিপি দলের ঊর্ধ্বতন নেতৃবৃন্দের কাছে প্রেরণ করা হয়েছে বলেও জানিয়েছেন হালিম রেজা।
এমবি