হিজলায় জেলেকে পিটিয়ে হত্যা, আটক ১

বরিশালের হিজলা উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে জব্বার মোল্লা (৫০) নামে এক জেলেকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
বুধবার (৩ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার গুয়াবাড়িয়া ইউনিয়নের কালিকাপুর গ্রামে এই ঘটনা ঘটে। জব্বার মোল্লা ওই এলাকার ছিডু মোল্লার ছেলে। এ ঘটনায় এক নারীকে আটক করেছে পুলিশ।
নিহতের বড়ভাই ছত্তার মোল্লা জানান, মঙ্গলবার (২ নভেম্বর) সকালে প্রকৃতির ডাকে সাড়া দিয়ে একই এলাকার রাকিব বালী বাড়ির কাছে বাঁশবাগানে গেলে জব্বার বাঁধা দেন। এ নিয়ে দুই জনের মধ্যে বাগতবিতণ্ডা হয়। ওই সময় জব্বারকে দেখে নেওয়ার হুমকি দেন রাকিব। এই ঘটনার জেরে বুধবার সকাল সাড়ে ১০টার দিকে ঘর থেকে জব্বার বের হওয়ার সঙ্গে সঙ্গে রাকিব, তার মামা শহীদ সরদার, ইব্রাহিম সরদার, মা পারভিন বেগম ও নানি জয়নব বেগমসহ ১০-১২ জন লাঠি ও ইট দিয়ে হামলা চালায়।
তাদের মারধরে জব্বার মাটিতে লুটিয়ে পড়েন। ডাক-চিৎকারে জব্বারের পরিবারের লোকজন বের হলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে হিজলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সিনিয়র সহকারী পুলিশ সুপার মতিউর রহমান জানান, ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে রাকিবের মা পারভিন বেগমকে আটক করা হয়েছে।
হিজলা থানা অফিসার ইনচার্জ ইউনুস মিয়া জানান, লাশ ময়না তদন্তের জন্য বরিশাল শেবাচিম হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবার মামলার প্রস্তুতি নিচ্ছে। অভিযুক্তদের আটকে অভিযান চলছে।
এইচকেআর