আগৈলঝাড়ায় জাতীয় যুব দিবসে আলোচনা সভা ও ঋণ বিতরণ

‘দক্ষ যুব সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এই শ্লোগানকে সামনে রেখে বরিশালের আগৈলঝাড়ায় জাতীয় যুব দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে শহীদ সুকান্ত আব্দুল্লাহ হল রুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবুল হাশেম এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত।
এসময় আরও বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মলিনা রানী রায়, রফিকুল ইসলাম তালুকদার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা দীনা খান, উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার প্রাণ কুমার ঘটক, উপজেলা এনজিও সমন্বয় পরিষদের সাধারন সম্পাদক কাজল দাশ গুপ্ত প্রমুখ।
শেষে প্রশিক্ষণপ্রাপ্ত যুবদের মাঝে প্রশিক্ষণের সনদপত্র ও প্রশিক্ষণপ্রাপ্ত উপজেলার ৮জন যুবকের মাঝে ৪০ হাজার টাকা করে ৩ লক্ষ ২০ হাজার টাকার যুব ঋণের চেক বিতরণ করা হয়েছে।
উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত বলেন, জাতির পিতা বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে উদ্যোক্তা ঋণ প্রদান করা হচ্ছে। যুব কল্যাণ তহবিলের মাধ্যমে যুব সংগঠনগুলোকে নিয়মিত আর্থিক অনুদান প্রদান করা হচ্ছে। যাতে বেকার যুবরা ঋণ গ্রহনের মাধ্যমে স্বাবলম্বী হতে পারবে।
এমবি