বরিশালে পুলিশি কার্যক্রমে ডিজিটাল পদ্ধতি

বরিশাল রেঞ্জ ডিআইজি এস এম আক্তারুজ্জামান বলেন, চলতি বছর জুলাই মাস থেকে অক্টোবর মাস পর্যন্ত বরিশালে মোট ২৫৮ টি অপরাধের সংবাদ পেপার ক্লিপিং করা হয়। এর মধ্যে ২৩৪ টি তথ্য পুরোপুরি সত্য, ১৫ টি তথ্য অতিরঞ্জিত, তথ্যের অনুসন্ধান চলেছে ৮ টি এবং ত্য অন্য সংস্থার কাছে হস্তান্তর হয়েছে ২টি। বরিশালের সাংবাদিকরা সব সময় সত্য সংবাদ প্রকাশ করেন যার প্রমান এই তথ্য। রবিবার (৩১ অক্টোবর) বেলা সাড়ে ১১ টায় নগরীর পুলিশ লাইনস গ্রাটিচিউড হলে “সাংবাদিকদের সাথে আমরা” শিরোনামে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
বরিশাল রেঞ্জ ডিআইজি এস এম আক্তারুজ্জামান বলেন, জাতির পিতার স্বপ্নের সোনার বাংলাদেশ গড়তে পুলিশকে আধুনিক গতিশীল ও যুগোপযোগী করার লক্ষ্যে কাজ করছি আমরা। এরই ধারাবাহিকতায় বরিশাল রেঞ্জে পুলিশ মনিটরিং কার্যক্রমকে আধুনিকায়ন ও গতিশীল করার লক্ষ্যে তথ্য প্রযুক্তির ব্যবহার আরও বিস্তর ভাবে শুরু করা হয়েছে। আমি চলতি বছরের ১২ জুন যোগদানের পর ডিজিটাল পদ্ধতিতে মনিটরিং করার উদ্যোগ গ্রহণ করি। এরই ধারাবাহিকতায় রেঞ্জ কার্যালয়ে একটি আইটি প্যানেল টিম গঠন করা হয়। ডিজিটাল অটোমেটেড রিপোর্টিং এবং মনিটরিং ব্যবস্থার ফলে জনসাধারণ পাচ্ছে দ্রুত সাড়া এবং পুলিশের কাজে আসছে স্বচ্ছতা, জবাবদিহিতা, গতি এবং আধুনিকতা।
তিনি আরও বলেন, বর্তমানে এই টিমের মাধ্যমে ৭ টি ড্যাশবোর্ড (পিআরও, কিউআর, মাদক, অপমৃত্যু, নারী ও শিশু হেল্পডেস্ক, মামলা ও ওয়ারেন্ট) কার্যক্রম ইতিমধ্যে পরিচালিত হচ্ছে। এছাড়া খুন, অপহরণসহ আরো গুরুত্বপূর্ণ ড্যাশবোর্ড তৈরির কার্যক্রম প্রক্রিয়াধীন আছে। দ্রুততম সময়ে অপরাধের তথ্য পুলিশের নিকট পৌঁছানোর সুবিধার্থে থানা এলাকার প্রতি ওয়ার্ডে জনগণের মাঝে পুলিশ বিভাগের গুরুত্বপূর্ণ নম্বরসহ ভিজিটিং কার্ড বিতরণ করা হয়েছে।
রেঞ্জ ডিআইজি আক্তারুজ্জামান বলেন, হোয়াটস অ্যাপের মাধ্যমে রেঞ্জাধীন জেলা সমূহের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সাথে সরাসরি সংযুক্ত হয়ে সকল ঘটনার তাৎক্ষণিক মনিটরিং সহ গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা প্রদান করা হচ্ছে। আমরা পুলিশ ও সাংবাদিক এক হয়ে জনগণকে একটি সুন্দর বরিশাল উপহার দিব এটাই কামনা।
মতবিনিময় সভায় অন্যান্য পুলিশ কর্মকর্তাদের মধ্যে ছিলেন- অতিরিক্ত উপ মহাপুলিশ পরিদর্শক এ কে এম এহসান উল্লাহ, পুলিশ সুপার মারুফ হোসেন, ডিআইজি’র স্টাফ অফিসার মো: মাসুম বিল্লাহ প্রমুখ।
এমবি