ঢাকা মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬

Motobad news

আকাশ থেকে ঢাকা শহর চেনার উপায় নেই : তথ্যমন্ত্রী

আকাশ থেকে ঢাকা শহর চেনার উপায় নেই : তথ্যমন্ত্রী
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বাংলাদেশ বদলে গেছে। এখন আর আকাশ থেকে ঢাকা ও চট্টগ্রাম শহরকে চেনার উপায় নেই। আজ সোমবার (২৭ সেপ্টেম্বর) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে আলোকচিত্র অ্যালবামের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, বাংলাদেশের মানুষ এখন ক্ষুধার্ত থাকে না, সন্ধ্যার পর ক্ষুধার্তদের ডাক শোনা যায় না। দারিদ্র্য বিমোচনের ক্ষেত্রেও দেশ বহুদূর এগিয়ে গেছে। ৪১ থেকে ২০ শতাংশে নেমে এসেছে। খালি পায়ে মানুষ দেখা যায় না। তিনি বলেন, আজ থেকে ২০ বছর আগে ঢাকার রাস্তায় যারা রিকশা চালাত বেশির ভাগের পায়ে কোনো স্যান্ডেল ছিল না। এখন খালি পায়ে মানুষ দেখা যায় না, ছেঁড়া কাপড় পরা মানুষ দেখা যায় না।

মন্ত্রী বলেন, এই পরিবর্তন কোনো জাদুতে হয়নি। এটি হয়েছে জননেত্রী শেখ হাসিনার জাদুকরী নেতৃত্বের কারণে। বিধাতার কাছে আমার প্রার্থনা, শেখ হাসিনা অব্যাহতভাবে এই দেশকে নেতৃত্ব দিয়ে যাক।

প্রধান তথ্য অফিসার (অতিরিক্ত দায়িত্ব) মো. শাহেনুর মিয়ার সভাপতিত্বে এ সময় আরো বক্তব্য রাখেন, তথ্য ও সম্প্রচার সচিব মো. মকবুল হোসেন।


এমবি
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন