ঢাকা রবিবার, ২৯ নভেম্বর ২০২৬

Motobad news

১০ ঘণ্টা পর ঢাকা-বরিশাল মহাসড়কে যান চলাচল শুরু

১০ ঘণ্টা পর ঢাকা-বরিশাল মহাসড়কে যান চলাচল শুরু
ছবি: সংগৃহীত 
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

মাদারীপুরের রাজৈর উপজেলার টেকেরহাটে আগুন জ্বালিয়ে অবরোধের ১০ ঘণ্টা পর ঢাকা-বরিশাল মহাসড়কে যান চলাচল শুরু হয়েছে।

শনিবার (২৯ নভেম্বর) ভোর ৪টা থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের অবরোধে বন্ধ হয়ে যায় মহাসড়কের রাজৈরের টেকেরহাট অংশ। এতে চরম ভোগান্তিতে পড়েন দূরদূরান্তের যাত্রী ও চালকরা। পরে দুপুর ২টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।

একাধিক সূত্রে জানা যায়, ভোর থেকে দেশীয় অস্ত্র নিয়ে মহাসড়কে অবস্থান নেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। এসময় সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ মিছিল ও অবরোধ করেন তারা। এতে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

সকালে ঘটনাস্থলে পৌঁছে রাজৈর থানা পুলিশ আন্দোলনকারীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। এসময় রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আমিনুল ইসলাম মাইকে আন্দোলনকারীদের জরুরি যানবাহন চলাচলের সুযোগ করে দেওয়ার অনুরোধ জানান। পাশাপাশি রাষ্ট্রীয় সম্পদ নষ্ট না করার আহ্বান জানান তিনি।

পুলিশের অনুরোধ ও আলোচনার একপর্যায়ে অবরোধকারীরা সড়ক ছেড়ে দিলে প্রায় ১০ ঘণ্টা পর দুপুর ২টার দিকে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আমিনুল ইসলাম বলেন, বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে।


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন