ঢাকা রবিবার, ০৮ নভেম্বর ২০২৬

Motobad news

নলছিটিতে পুলিশের ওপর হামলা, পিকআপ ভাঙচুর করে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ

নলছিটিতে পুলিশের ওপর হামলা, পিকআপ ভাঙচুর করে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

ঝালকাঠির নলছিটি উপজেলার দপদপিয়ায় কার্যক্রম নিষিদ্ধ ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ও ইউপি সদস্য মো. সিরাজ মোল্লাকে আটকের পর পুলিশের ওপর হামলা চালিয়ে ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ সময় পুলিশের পিকআপ ভ্যান ভাঙচুর করা হয়। এতে বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন।

রবিবার দুপুর একটার দিকে দপদপিয়ার পুরনো ফেরিঘাট এলাকায় এ ঘটনা ঘটে। 

পুলিশ ও স্থানীয়রা জানায়, নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুজ্জামান সোহাগের নেতৃত্বে পুলিশের একটি দল দপদপিয়া ফেরিঘাট এলাকা থেকে ছাত্রলীগ সভাপতি সিরাজ মোল্লাকে আটক করে। এ খবর ছড়িয়ে পড়লে আসামির তিন ভাই ও স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা সংঘবদ্ধ হয়ে পুলিশের ওপর হামলা চালায়। এসময় জোরপূর্বক ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেন তাঁরা। পুলিশ তাদের বাঁধা দিলে উভয় পক্ষের মধ্যে ধস্তাধস্তি হয়। পরে হামলাকারীরা পুলিশের পিকআপ ভ্যান ভাঙচুর করে। হামলায় বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হন।

এ ঘটনার পর দপদপিয়া এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। ছিনিয়ে নেওয়া আসামিকে পুনরায় আটকের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন ওসি তৌহিদুজ্জামান সোহাগ।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুজ্জামান সোহাগ বলেন, পুলিশ সকাল থেকে অভিযান চালিয়ে দুপুরে কার্যক্রম নিষিদ্ধ দপদপিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সিরাজ মোল্লাকে আটক করে। থানায় নিয়ে আসার সময় স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মী ও সিরাজের ভায়েরা পুলিশের পিকআপে হামলা করে। এসময় তাঁরা আসামি ছিনিয়ে নেয়। হামলায় পুলিশ সদস্যরা আহত হয়। বর্তমানে সিরাজকে আটকের জন্য আরো জোরদার অভিযান চালানো হচ্ছে। 
 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন