ঢাকা বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

Motobad news

গৃহবধূর হাত-পায়ের রগ কর্তন, প্রধান আসামি গ্রেফতার

গৃহবধূর হাত-পায়ের রগ কর্তন, প্রধান আসামি গ্রেফতার
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

যৌতুকের দাবিতে গৃহবধূকে হাত-পায়ের রগ কেটে হত্যাচেষ্টা মামলার প্রধান আসামি মো. শাকিল ফকিরকে (৩০) গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।

বুধবার (৪ নভেম্বর) ঢাকার মোহাম্মদপুরের নবোদয় হাউজিং এলাকায় যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে এসআরবি-৮ (পটুয়াখালী ক্যাম্প) ও এসআরবি-২ (বসিলা ক্যাম্প)।

এসআরবি-৮-এর সহকারী পুলিশ সুপার ও মিডিয়া অফিসার সাথী আক্তার বিষয়টি নিশ্চিত করেছেন। 

গ্রেফতারকৃত শাকিল ফকির পটুয়াখালীর দুমকি থানার মুরাদিয়া এলাকার রফিক ফকিরের ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১০ বছর আগে ভিকটিমের সঙ্গে শাকিল ফকিরের বিয়ে হয়। তাদের দুটি সন্তান রয়েছে। সম্প্রতি শাকিল তার সহযোগীদের প্ররোচনায় ব্যবসা করার কথা বলে শশুড়বাড়ির কাছে দুই লাখ টাকা যৌতুক দাবি করেন। ঘটনার দিন আসামিরা সংঘবদ্ধভাবে ভিকটিমের বাবার বাড়িতে গিয়ে টাকা দাবি করলে দিতে অপারগতা প্রকাশ করেন। এতে ক্ষিপ্ত হয়ে আসামিরা হত্যার উদ্দেশ্যে ঘরে থাকা বটি দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। হামলায় ভিকটিমের পায়ের রগ কেটে যায় এবং হাতের একটি আঙুল বিচ্ছিন্ন হয়ে পড়ে।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে আশঙ্কাজনক অবস্থায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরবর্তীতে ঢাকার পঙ্গু হাসপাতালে স্থানান্তর করা হয়। এই ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে পটুয়াখালী সদর থানায় মামলা দায়ের করেন।

এসআরবি-৮-এর সহকারী পুলিশ সুপার ও মিডিয়া অফিসার সাথী আক্তার  জানান, গ্রেফতারকৃত শাকিল ফকিরকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ঢাকার মোহাম্মদপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন