ঢাকা মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬

Motobad news

ধর্মীয় বিশ্বাসকে পুঁজি করে সংঘাত ও রাজনৈতিক ফায়দা হাসিল বন্ধ করতে হবে: জহির উদ্দিন স্বপন

 ধর্মীয় বিশ্বাসকে পুঁজি করে সংঘাত ও রাজনৈতিক ফায়দা হাসিল বন্ধ করতে হবে: জহির উদ্দিন স্বপন
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন বলেছেন, ধর্মীয় বিশ্বাসকে পুঁজি করে সংঘাত ও রাজনৈতিক ফায়দা হাসিল বন্ধ করতে হবে। ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার না করে পারস্পরিক শ্রদ্ধা, সহনশীলতা ও সম্প্রীতির পরিবেশ গড়ে তোলার আহ্বান জানান তিনি।

সোমবার বরিশাল বিডিএস মিলনায়তনে ‘ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রীতি প্রসারে করণীয়’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

উপদেষ্টা বলেন, ধর্মীয় বিশ্বাসকে কেন্দ্র করে সংঘাত তৈরি হলে সাধারণ মানুষই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। অথচ ধর্মকে পুঁজি করে রাজনীতি করা ব্যক্তিরাই সেখান থেকে বেশি সুবিধা ভোগ করে।

ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রীতি প্রতিষ্ঠায় পারস্পরিক সহযোগিতা ও সংলাপের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, একটি গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে ধর্মীয় স্বাধীনতা ও পারস্পরিক সম্প্রীতির কোনো বিকল্প নেই। ধর্ম-বর্ণ নির্বিশেষে প্রত্যেক নাগরিকের নিজ নিজ ধর্ম পালনের অধিকার নিশ্চিত করতে রাষ্ট্র, প্রশাসন, রাজনৈতিক নেতৃবৃন্দ, নাগরিক সমাজ ও ধর্মীয় নেতাদের সম্মিলিতভাবে কাজ করতে হবে।
 
সামাজিক যোগাযোগ মাধ্যমের নেতিবাচক দিক তুলে ধরে তিনি আরও বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো বিভিন্ন গুজব, অপপ্রচার ও ধর্মীয় উসকানি প্রতিরোধে সবাইকে সচেতন হতে হবে।

বরিশাল জেলার ফোর্ব ফোরামের সভাপতি অধ্যাপক গাজী জাহিদ হোসেনের সভাপতিত্বে সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন, বিভাগীয় কমিশনার খলিল আহমেদ,  চার্চ অব ইংল্যান্ডের ফোর্ব এজেন্ট অব চেঞ্জ প্রজেক্ট এবং পলিসি অ্যাডভাইজারের পরিচালক (অপারেশন্স) চার্লস রীড, বরিশাল প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ আমিনুল ইসলাম খসরু এবং বরিশাল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা এবায়েদুল হক চাঁন উপস্থিত ছিলেন।


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন