ঢাকা মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬

Motobad news

বাস-থ্রি-হুইলার বিরোধে অচল চরকাউয়া

বাস-থ্রি-হুইলার বিরোধে অচল চরকাউয়া
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

সড়কে থ্রি-হুইলার ও ব্যাটারিচালিত অটোরিকশার চলাচল বন্ধের দাবিতে বরিশাল সদর উপজেলার চরকাউয়া বাস টার্মিনাল থেকে ছয়টি রুটে বাস চলাচল বন্ধ রেখেছেন বাস মালিক ও শ্রমিকরা। 

সোমবার (২ নভেম্বর) সকাল থেকে বাস চলাচল বন্ধ থাকায় চরম দুর্ভোগে পড়েছেন কয়েক হাজার যাত্রী। বাধ্য হয়ে বিকল্প যানবাহনে গন্তব্যে যেতে হচ্ছে তাঁদের। এতে বাড়তি ভাড়া গুনতে হচ্ছে বলেও অভিযোগ করেছেন যাত্রীরা।

বাস চলাচল বন্ধের বিষয়ে চরকাউয়া বাস মালিক সমিতির সভাপতি মামুন খন্দকার বলেন, সড়কে থ্রি-হুইলার ও ব্যাটারিচালিত অটোরিকশার অবাধ চলাচলের কারণে বাস চলাচল বাধাগ্রস্ত হচ্ছে। এ সব যানবাহন বাসের সঙ্গে পাল্লা দিয়ে চলাচল করায় দুর্ঘটনার ঝুঁকি তৈরি হচ্ছে। যাত্রীদের নিরাপত্তা ও সড়কে শৃঙ্খলা ফেরাতে থ্রি-হুইলার চলাচল বন্ধের দাবি জানিয়ে আসছেন তাঁরা। বিষয়টি সমাধানে প্রশাসনের কার্যকর হস্তক্ষেপ প্রয়োজন।

তিনি আরও বলেন, সোমবার সকাল থেকে বাস চলাচল স্বাভাবিক রাখার চেষ্টা করা হলেও থ্রি-হুইলার ও অটোরিকশাচালকদের বাধার কারণে তা সম্ভব হচ্ছে না। এ পরিস্থিতিতে বাস চলাচল বন্ধ রাখতে বাধ্য হয়েছেন তাঁরা।

বাস শ্রমিকদের অভিযোগ, সড়কে থ্রি-হুইলারের সংখ্যা বেড়ে যাওয়ায় বাস চলাচলে নানা প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে। বাসের সঙ্গে পাল্লা দিয়ে এসব যানবাহন চালানোর কারণে দুর্ঘটনার আশঙ্কাও বাড়ছে। তাঁদের দাবি, নির্ধারিত নিয়ম মেনে যানবাহন চলাচল নিশ্চিত করা না হলে সড়কে নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখা কঠিন হবে।

অন্যদিকে বাস চলাচল বন্ধ থাকায় বিপাকে পড়েছেন সাধারণ যাত্রীরা। তাঁদের অভিযোগ, কোনো পূর্বঘোষণা ছাড়াই বাস বন্ধ করে দেওয়ায় কর্মস্থল, শিক্ষাপ্রতিষ্ঠান ও জরুরি প্রয়োজনে যাতায়াত করতে সমস্যায় পড়তে হচ্ছে। বিকল্প হিসেবে মোটরসাইকেল ও রিকশায় গন্তব্যে যেতে হচ্ছে, যেখানে স্বাভাবিকের তুলনায় বেশি ভাড়া দিতে হচ্ছে। কয়েক দিন পরপর বাস চলাচল বন্ধের এমন পরিস্থিতি তৈরি হওয়ায় ক্ষোভ প্রকাশ করে তাঁরা স্থায়ী সমাধানের দাবি জানিয়েছেন।

রোববার চরকাউয়া বাস টার্মিনাল এলাকায় বাস, থ্রি-হুইলার ও ব্যাটারিচালিত অটোরিকশার চালকদের মধ্যে বিরোধের সূত্রপাত হয়। এর পরিপ্রেক্ষিতে সড়কে থ্রি-হুইলার চলাচল বন্ধের দাবি তোলেন বাস মালিক ও শ্রমিকরা। সোমবার সকাল থেকে সেই বিরোধের জেরে ছয়টি রুটে বাস চলাচল বন্ধ হয়ে যায়।

চরকাউয়া বাস টার্মিনাল থেকে ডিসি রোড, লক্ষ্মীপাশা, লাহারহাট, কাটাদিয়া, হলতা ও সিদ্দিক বাজার রুটে প্রায় ৭০টি বাস চলাচল করে। এসব রুটে প্রতিদিন কয়েক হাজার যাত্রী যাতায়াত করেন। বাস চলাচল বন্ধ থাকায় সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন নিয়মিত যাতায়াতকারী কর্মজীবী মানুষ, শিক্ষার্থী ও সাধারণ যাত্রীরা।

সংশ্লিষ্টদের দাবি, বাস মালিক-শ্রমিক এবং থ্রি-হুইলার চালকদের বিরোধ নিরসনে প্রশাসনের দ্রুত উদ্যোগ প্রয়োজন। অন্যথায় এ ছয়টি রুটে যাত্রী দুর্ভোগ আরও বাড়তে পারে।


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন