জান্নাতুল বানাত মাদ্রাসায় ফলাফল প্রকাশ ও ত্রিমাসিক অভিভাবক সমাবেশ

আধ্যাত্মিক আবহ ও আনন্দমুখর পরিবেশে বরিশাল নগরীর রূপাতলীতে ঐতিহ্যবাহী জান্নাতুল বানাত মাদ্রাসায় দ্বিতীয় সাময়িক পরীক্ষার ফলাফল প্রকাশ এবং ত্রিমাসিক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টায় রূপাতলীর মাওলানা ভাসানী সড়কে অবস্থিত মাদ্রাসা প্রাঙ্গণে এ বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সকাল থেকেই হামদ, নাত ও মনোরম ইসলামী সঙ্গীতের সুরের মূর্ছনায় পুরো মাদ্রাসা প্রাঙ্গণ এক জান্নাতি আবহে মুখরিত হয়ে ওঠে। অনুষ্ঠানের শুভ সূচনায় কোমলমতি শিক্ষার্থীদের কণ্ঠে তিন ভাষায় (আরবি, বাংলা ও ইংরেজি) পবিত্র কুরআন তিলাওয়াত উপস্থিত সবার হৃদয়ে এক অন্যরকম প্রশান্তি ছড়িয়ে দেয়।
পরবর্তীতে মাদ্রাসার সহকারী শিক্ষক ও ঐতিহ্যবাহী ‘প্রদীপ শিল্পগোষ্ঠী’র অন্যতম সদস্য মুহাম্মদ নাজমুস সাকিবের কণ্ঠে পরিবেশিত সুরমুর্ছনাময় ইসলামী সঙ্গীত অনুষ্ঠানকে আরও বারাকাময় করে তোলে। পাশাপাশি মাদ্রাসার মেধাবী শিক্ষার্থীরা আরবি ভাষায় চমৎকার বক্তব্য প্রদান করে তাদের মেধা ও প্রাতিষ্ঠানিক দক্ষতার স্বাক্ষর রাখে।
অনুষ্ঠানের অন্যতম বিশেষ আকর্ষণ ছিল শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি এবং সুন্দর হাতের লেখা প্রতিযোগিতার পুরস্কার বিতরণী। বিজয়ী শিক্ষার্থীদের হাতে স্মারক ও পুরস্কার তুলে দেওয়ার পর পুরো প্রাঙ্গণজুড়ে এক উৎসবমুখর আনন্দের লহরী বয়ে যায়।
সমাবেশ ও ফলাফল প্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শাজাহান মৃধা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান মো. মোনাছেফ হাওলাদার ফিরোজ।
পরিশেষে দেশ, জাতি ও কোমলমতি শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ এবং দ্বীনি শিক্ষার কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাদ্রাসার অধ্যক্ষ ক্বারী মাওলানা মুহাম্মদ সোলায়মান হোসাইন।
অনুষ্ঠানে উপস্থিত অভিভাবক ও অতিথিবৃন্দ জান্নাতুল বানাত মাদ্রাসার সুশৃঙ্খল পরিবেশ, মানসম্মত শিক্ষা এবং কোমলমতি শিক্ষার্থীদের দ্বীনি ও প্রাতিষ্ঠানিক অগ্রযাত্রার ভূয়সী প্রশংসা করেন।
এইচকেআর