সংকটের মধ্যে রাঙ্গাবালীতে টিউবওয়েল থেকে বের হচ্ছে গ্যাস, জ্বলছে আগুন

দেশের বিভিন্ন এলাকায় গ্যাসের সংকটের মধ্যে পটুয়াখালীর রাঙ্গাবালীতে টিউবওয়েল বসাতে গিয়ে ভূগর্ভ থেকে গ্যাস বের হওয়ার দাবি উঠেছে। টিউবওয়েলের পাশ থেকে বুদবুদ শব্দের পাশাপাশি বের হওয়া গ্যাসে আগুন জ্বলতে দেখা গেছে বলে জানিয়েছেন স্থানীয়রা। ঘটনাটি জানাজানি হওয়ার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের নয়ারচর এলাকার ৮ নম্বর ওয়ার্ডের কামালের বাড়িতে টিউবওয়েল বসানোর সময় এ গ্যাসের সন্ধান পাওয়া যায় বলে স্থানীয়রা জানান।
টিউবওয়েল মালিক কামাল হোসেন বলেন, প্রায় ২০ থেকে ২৫ দিন ধরে টিউবওয়েলের আশপাশে পানির নিচ থেকে বুদবুদের মতো শব্দ হচ্ছিল। বিষয়টি নিয়ে কৌতূহল তৈরি হলে স্থানীয়রা সেখানে আগুন ধরিয়ে পরীক্ষা করেন। এসময় আগুন জ্বলতে দেখা যায়। পরে একটি ছোট পাইপ ব্যবহার করে আগুন ধরালেও একইভাবে আগুন জ্বলতে থাকে, বিষয়টি প্রশাসনকে অবহিত করা হয়েছে। গ্যাসের উপস্থিতি দেখতে পাওয়ার পর সেখান থেকে গ্যাস ব্যবহার করে রান্নাবান্নাও করা হয়েছে বলে দাবি।
এলাকাবাসীর দাবি, দেশে যখন গ্যাসের সংকট রয়েছে, তখন রাঙ্গাবালীর প্রত্যন্ত এলাকায় ভূগর্ভ থেকে গ্যাস বের হওয়ার বিষয়টি গুরুত্বের সঙ্গে পরীক্ষা করা প্রয়োজন। সত্যিই সেখানে প্রাকৃতিক গ্যাসের মজুত থাকলে যথাযথ অনুসন্ধান ও উত্তোলনের মাধ্যমে জাতীয় সম্পদ হিসেবে তা দেশের কাজে লাগানোর উদ্যোগ নেওয়া হোক।
এ বিষয়ে রাঙ্গাবালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুল হাসান বলেন, কয়েকদিন আগে আমরা বিষয়টি জেনেছি। সেখানে আসলেই ভূগর্ভস্থ গ্যাস রয়েছে কি না, সেটা পরীক্ষার প্রয়োজন। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে এবং কামালের একটি আবেদন জেলায় পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, পরীক্ষা-নিরীক্ষার পরই সেখানে ভূগর্ভস্থ গ্যাসের উপস্থিতি রয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যাবে।
এইচকেআর