ঢাকা-বরিশাল মহাসড়কে গরুবাহী পিকআপে ডাকাতি, মূলহোতাসহ গ্রেফতার ২

ঢাকা-বরিশাল মহাসড়কে সংঘটিত চাঞ্চল্যকর ডাকাতি মামলার মূলহোতা রুবেল ও সদস্য শাকিলকে গ্রেফতার করেছে র্যাব-৮ এর সদস্যরা।
মঙ্গলবার রাতে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ ও শরিয়তপুর জেলা থেকে তাদের গ্রেফতার করা হয়।
বুধবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৮’র মিডিয়া অফিসার লেফটেন্যান্ট কমান্ডার মো. শাহরিয়ার রিফাত অভি।
গ্রেফতারকৃত রুবেল শরিয়তপুর জেলার গোসাইরহাট থানাধীন মহেশ্বরপট্টি এলাকার মো. তাহের হোসেনের ছেলে ও শাকিল বরিশালের মুলাদী উপজেলার সফিপুর ইউনিয়নের চর পদ্মা এলাকার মো. শাহজাহান হাওলাদারের ছেলে।
র্যাব জানায় গত ৭ জানুয়ারী মো. আবু সুফিয়ান শাহিন বাদীএকজন ঠিকাদার ব্যবসায়ী। ব্যবসার প্রয়োজনে তিনিসহ কয়েকজন মিলে একটি পিকআপ গাড়ী যোগে গরু ক্রয়ের জন্য চুয়াডাঙ্গ জেলার আলমডাঙ্গা গরুর হাটে গিয়ে ৪টি গরু ক্রয় করে। গরু নিয়ে বরিশালের উদ্দেশ্যে রওয়ানা হয়ে ওই দিন রাত ১২ টায় ঢাকা- বরিশাল মহাসড়কের ফাঁকা রাস্তার উপর পৌঁছলে পিছন দিক থেকে এসে একটি অজ্ঞাতনামা সাদা পিকআপ গাড়ী তাদের গাড়ীকে চাপ দেয়। পরে অজ্ঞাতনামা ১২/১৩ জন ডাকাত দেশীয় অস্ত্রসহ বাদী ও তার সঙ্গে থাকা লোকজনকে মারধর করে গলায় অস্ত্র ঠেকিয়ে তাদের গাড়ীতে তুলে নিয়ে হাত পাঁ বেধে নগদ অর্থ, মোবাইল এবং গরুসহ পিকআপ কেড়ে নিয়ে ভোর ৫ টার দিকে ফরিদপুরের শংকরপাশা এলাকার হাইওয়ের ফাঁকা রাস্তার পাশে নামিয়ে দেয়।
ডাকাতরা তাদের কাছ থেকে ১৪ লক্ষ ৯৭ হাজার ৪৯০ টাকার মালামাল নিয়ে যায়।
এ ঘটনায় আবু সুফিয়ান শাহিন গৌরনদী থানায় অজ্ঞাতনামা ডাকাতদের বিরুদ্ধে একটি মামলা করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা সংশ্লিষ্ট অভিযুক্তদের গ্রেফতারের জন্য অধিনায়ক, র্যাব-৮, বরিশাল বরাবর একটি অধিযাচনপত্র প্রেরণ করেন।
পরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এবং তথ্য প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৮, সদর কোম্পানী এবং র্যাব-১০, সদর কোম্পানী, কেরানীগঞ্জের একটি যৌথ আভিযানিক দল মঙ্গলবার রাতে শরিয়তপুর থেকে রুবেল ও ঢাকার কেরানীগঞ্জ মডেল থানা এলাকায় অভিযান চালিয়ে শাকিল হোসেনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের দক্ষিণ কেরানীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব-৮’র মিডিয়া অফিসার লেফটেন্যান্ট কমান্ডার মো. শাহরিয়ার রিফাত অভি।
এইচকেআর