যাত্রী ছাউনিতে ভারসাম্যহীন নারীর সন্তান প্রসব, নবজাতককে নিয়ে হাসপাতালে ছুটলেন ইউএনও

বরিশালের বাবুগঞ্জ উপজেলার ঢাকা-বরিশাল মহাসড়কের রহমতপুর বাসস্টান্ডের যাত্রী ছাউনিতে সন্তান প্রসব করেছেন মানসিক ভারসাম্যহীন এক নারী।
খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়ে নবজাতককে উদ্ধার করে নিজের গাড়ীতে করে চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা উল হুসনা। তবে চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে পরে নবজাতকটির মৃত্যু হয়।
শুক্রবার (১৪ আগস্ট) সকালে রহমতপুর বাসস্টান্ড এর যাত্রী ছাউনির ভেতরে ওই নারী সন্তান প্রসব করেন।
স্থানীয়রা জানান, ওই নারী বেশ কিছুদিন ধরে ব্রিজ ও আশপাশের এলাকায় অবস্থান করছিলেন। সকালে যাত্রী ছাউনিতে সন্তান প্রসবের বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা উপজেলা প্রশাসনকে অবহিত করে।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন ইউএনও আসমা উল হুসনা। নবজাতকটির অবস্থা সংকটাপন্ন হওয়ায় তিনি দেরি না করে তাকে উন্নত চিকিৎসার জন্য শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
হাসপাতালে অবস্থান করে বাবুগঞ্জ উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মিজানুর রহমান। উপজেলা প্রশাসন ও সমাজসেবা কর্মকর্তার উদ্যোগে নবজাতকটির চিকিৎসার ব্যবস্থা করা হয়।
তবে চিকিৎসকদের সর্বোচ্চ চেষ্টার পরও নবজাতকটিকে বাঁচানো সম্ভব হয়নি। শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওই নারীর পরিচয় এবং নবজাতকের মৃত্যুর সুনির্দিষ্ট কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
উপজেলা নির্বাহী অফিসার আসমা উল হুসনা বলেন, সকাল ৯ টার দিকে আমি খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যাই। নবজাতকের অবস্থা সংকটাপন্ন দেখে নিজেই গাড়ীতে করে শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাই। সেখানে শিশুটি চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরন করে। বিষয়টি আমার জন্য খুবই দুঃখজনক। স্থানীয়দের কাছে শুনেছি মহিলাটি মানুষিক ভারসম্যহীন অবস্থায় ওই এলাকায় দীর্ঘদিন অবস্থান করছিলেন। তবে তার কোন পরিচয় মেলেনি।
এইচকেআর