ঢাকা শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬

Motobad news

প্রেমের টানে গুজরাটের তরুণ বরিশালে, বিয়ে করলেন ১৭ বছরের কিশোরীকে

 প্রেমের টানে গুজরাটের তরুণ বরিশালে, বিয়ে করলেন ১৭ বছরের কিশোরীকে
ছবি সংগৃহীত
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে পরিচয়, এরপর প্রেম। সেই প্রেমের টানেই ভারতের গুজরাট থেকে বাংলাদেশের বরিশাল। অবশেষে প্রেমিকাকে বিয়ে করে শ্বশুরবাড়িতে অবস্থান করছেন ২০ বছর বয়সী ভারতীয় এক তরুণ।


ঘটনাটি বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নের পশ্চিম চন্দ্রহার গ্রামের। ভারতীয় ওই তরুণের নাম সোরঠিয়া ফাইজান শাহ ওরফে হামজা (২০)। তিনি ভারতের গুজরাট রাজ্যের অমরেলি জেলার রাজুলা এলাকার রেজওয়ান শাহর ছেলে। 

অন্যদিকে কিশোরী মাহি আক্তার (১৭) স্থানীয় বাসিন্দা আব্দুল মালেক সিকদারের মেয়ে। তিনি বাটাজোর অশ্বিনী কুমার ইনস্টিটিউটের নবম শ্রেণির ছাত্রী।


মাহির পরিবারের সদস্যরা জানান, গত ২২ নভেম্বর সকাল সাড়ে দশটার একটি ফ্লাইটে ভারত থেকে বাংলাদেশে আসেন ফাইজান শাহ। এসময় তাকে বিমানবন্দরে রিসিভ করে বরিশালে নিয়ে আসেন মাহির পরিবার। পরবর্তীতে ২৩ নভেম্বর বরিশালের একজন আইনজীবীর চেম্বারে নোটারি ও মৌলভী ডেকে ভারতীয় ওই তরুণের সঙ্গে মাহির বিয়ে দেন পরিবারের সদস্যরা। এরপর ভারতীয় ওই তরুণকে মেয়ে জামাইয়ের মর্যাদা দিয়ে বাটাজোর ইউনিয়নের পশ্চিম চন্দ্রহার গ্রামে নিয়ে আসেন তারা। 

বুধবার (২৫ নভেম্বর) দুপুরে মাহি আক্তারের মা শামীমা আক্তার এসব তথ্য জানিয়েছেন।   


এদিকে ভারতীয় ওই তরুণের সঙ্গে অপ্রাপ্ত বয়স্ক কিশোরীর বিয়ের খবর পুরো এলাকায় ছড়িয়ে পড়ার পরই ব্যাপক কৌতূহলের সৃষ্টি হয়। ভারতীয় ওই তরুণকে একনজর দেখতে ভিড় জমান স্থানীয়রা।

কিশোরী মাহি আক্তার বলেন, ফাইজান দক্ষিণ আফ্রিকায় অবস্থানরত আমার বড় ভাইয়ের ইনস্টাগ্রাম বন্ধু। তার সঙ্গে দেড় বছর ধরে প্রেমের সম্পর্ক চলছিল আমার। গত তিনমাস আগে দুই পরিবার প্রেমের বিষয়টি জানতে পারে। এরপর আমার পরিবার থেকে বারবার নিষেধ করা হলেও সম্পর্ক রেখেছিলাম। সেই ধারাবাহিকতায় গত ২২ নভেম্বর ট্যুরিস্ট ভিসা নিয়ে বিয়ের উদ্দেশ্যে বাংলাদেশে আসে ফাইজান। শাহজালাল বিমানবন্দরে আমার মা এবং ছোট ভাই তাকে রিসিভ করে বরিশাল নিয়ে আসেন।


মাহি আরও বলেন, গত একবছরে প্রেমিক ফাইজানের কাছ থেকে এবং সিনেমা দেখে হিন্দি ভাষা শিখে ফেলেছি। এখন আর ভাষাগত কোনো সমস্যা নেই। আমাদের পুরো পরিবার কমবেশি হিন্দিতে কথা বলতে পারে। ফাইজান আমার সঙ্গে বাংলাদেশেই থেকে যেতে চায়। সেও আমার কাছ থেকে কিছু কিছু বাংলা শিখেছে।

ভারতীয় তরুণ ফাইজান শাহ জানান, তার বাবা গুজরাটের রাজুলা এলাকায় ট্রান্সপোর্ট ব্যবসায়ী। তিন ভাইয়ের মধ্যে তিনি দ্বিতীয়। তাদের সম্পর্কের বিষয়টি উভয় পরিবার স্বাভাবিকভাবে মেনে নিয়েছে। তিনি ৬ মাসের ট্যুরিস্ট ভিসা নিয়ে বাংলাদেশে এসেছেন। বাকি জীবন বাংলাদেশেই স্ত্রীর সঙ্গে কাটাতে চান। 

তবে ভারতীয় তরুণের বিষয়ে খোঁজ নেয়া হচ্ছে জানিয়ে গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান রাসেল বলেন, খবর পেয়ে ওই বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে। তাছাড়া বিস্তারিত জানতে ভারতীয় ওই নাগরিকের সব তথ্য থানায় দিতে বলা হয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে বলেও ওসি উল্লেখ করেন। 
 


এইচকে
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন