ঢাকা শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬

Motobad news

নবায়নযোগ্য জ্বালানির প্রসারে বরিশালে স্থানীয় কমিটি গঠনের ঘোষণা

 নবায়নযোগ্য জ্বালানির প্রসারে বরিশালে স্থানীয় কমিটি গঠনের ঘোষণা
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

জ্বালানি সংকট মোকাবিলা ও টেকসই উন্নয়নের লক্ষ্যে বরিশালে স্থানীয় পর্যায়ে একটি ‘জ্বালানি রূপান্তর কমিটি’ গঠনের ঘোষণা দিয়েছেন সদর আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট মো. মজিবর রহমান সরোয়ার। 

বুধবার (২৫ নভেম্বর) বরিশাল রিপোর্টার্স ইউনিটি হলরুমে আয়োজিত “জ্বালানির জন-মালিকানা ও ন্যায্য জ্বালানি রূপান্তর” শীর্ষক স্থানীয় নীতি সংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।

“আর্থ-সামাজিক সমৃদ্ধি অর্জনে নবায়নযোগ্য জ্বালানির ভূমিকা” প্রতিপাদ্যে জাস্ট এনার্জি ট্রানজিশন নেটওয়ার্ক বাংলাদেশ (জেটনেট-বিডি), বরিশাল বিভাগীয় পরিবেশ ও জনসুরক্ষা ফোরাম, প্রান্তজন, আভাস ও আরোহী’র যৌথ উদ্যোগে এবং একশনএইড বাংলাদেশের সহযোগিতায় এ সংলাপ অনুষ্ঠিত হয়।

মজিবর রহমান সরোয়ার বলেন, জনগণের সমস্যা সমাধানের মধ্যেই দেশের প্রকৃত কল্যাণ নিহিত। নবায়নযোগ্য জ্বালানির প্রসার ও টেকসই উন্নয়নে রাজনৈতিক নেতৃত্ব, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও নাগরিক সমাজকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

তিনি আরও বলেন, সংলাপের সুপারিশ অনুযায়ী অতি দ্রুত একটি প্রতিনিধিত্বশীল ‘বরিশাল স্থানীয় জ্বালানি রূপান্তর কমিটি’ গঠন করা হবে এবং বরিশাল টাউন হলে উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, অধ্যক্ষ (অব.) গাজী জাহিদ হোসেন। সঞ্চালনা করেন বরিশাল বিভাগীয় পরিবেশ ও জনসুরক্ষা ফোরামের আহ্বায়ক শুভঙ্কর চক্রবর্তী। 

সংলাপে স্বাগত বক্তব্য দেন, প্রান্তজনের নির্বাহী পরিচালক তৌহিদুল ইসলাম শাহাজাদা। মূল প্রবন্ধ উপস্থাপন করেন একশনএইড বাংলাদেশের জাস্ট এনার্জি ট্রানজিশন কর্মসূচির ম্যানেজার ও জেটনেট-বিডির সদস্য সচিব আবুল কালাম আজাদ। 

আলোচনায় অংশ নিয়ে পরিবেশ অধিদপ্তরের বরিশাল বিভাগীয় কার্যালয়ের সিনিয়র কেমিস্ট গোলাম কিবরিয়া স্থানীয় পরিবেশগত চ্যালেঞ্জ মোকাবিলায় বরিশালে একটি ‘ডেডিকেটেড গবেষণা সেল’ প্রতিষ্ঠার দাবি জানান। আভাসের উপ-নির্বাহী পরিচালক জান্নাতুল নাইম ঐশি নবায়নযোগ্য জ্বালানি সরঞ্জামে শুল্কছাড় ও প্রণোদনার সুফল ভোক্তা পর্যায়ে পৌঁছাতে নিয়মিত বাজার মনিটরিংয়ের আহ্বান জানান।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, বরিশাল বিশ্ববিদ্যালয়ের কোস্টাল স্ট্যাডিজ অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট বিভাগের অধ্যাপক ড. হাফিজ আশরাফুল হক, বরিশাল পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর ডিজিএম প্রকৌশলী জাহিদা খানম, ওজোপাডিকোর নির্বাহী প্রকৌশলী প্রকৌশলী দিপক মিস্ত্রি এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা প্রশিক্ষণ অফিসার মো. রিয়াজ উল্লাহ বাহাদুর।

বক্তারা শহরের সরকারি-বেসরকারি ভবনে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ, কমিউনিটিভিত্তিক সৌর উদ্যোগ এবং বায়োগ্যাস ও বর্জ্যভিত্তিক জ্বালানি পরিকল্পনা বাস্তবায়নের ওপর জোর দেন। সংলাপে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, নাগরিক সমাজ, যুব প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন