ঢাকা শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬

Motobad news

মেসির নাম ভাঙিয়ে ব্যবসা, কঠোর অবস্থানে আর্জেন্টাইন মহাতারকা!

মেসির নাম ভাঙিয়ে ব্যবসা, কঠোর অবস্থানে আর্জেন্টাইন মহাতারকা!
কাতার বিশ্বকাপ জিতেছেন মেসি।
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

আর্জেন্টিনার জার্সিতে শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলার প্রায় ছয় সপ্তাহ পর দেশটির ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) সঙ্গে লিওনেল মেসি ব্যক্তিগত ও বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করেছেন বলে খবর প্রকাশিত হয়েছে। সংস্থাটির কয়েকটি কর্মকাণ্ডে অসন্তুষ্ট হয়ে এমন সিদ্ধান্ত নিয়েছেন বিশ্বকাপজয়ী এই তারকা। আর্জেন্টাইন সংবাদমাধ্যম এ২৪-এর বরাতে এমন খবর জানিয়েছেন সাংবাদিক নিকোলাস উইনাস্কি।

এএফএ’র সভাপতি ক্লদিও তাপিয়া ও কোষাধ্যক্ষ পাবলো তোভিগিনোর সঙ্গে ব্যক্তিগত ও ব্যবসায়িক সম্পর্ক আর রাখতে চান না মেসি। এমনকি বাণিজ্যিক কার্যক্রমে নিজের নাম ও ছবি ব্যবহার করতেও দিতে চান না তিনি। অথচ অবসরের পরও মেসির নাম ও ছবি ব্যবহার করে আয় করছে সংস্থাটি।


তাপিয়া ও তোভিগিনো দীর্ঘদিন ধরেই কর জালিয়াতি ও অর্থপাচারের অভিযোগে তদন্তের মুখে রয়েছেন। গত মার্চে তাপিয়ার বিরুদ্ধে অভিযোগও আনা হয়েছিল। উইনাস্কির প্রতিবেদন অনুযায়ী, মোনাকো ও ইবিজার মতো অভিজাত পর্যটনকেন্দ্রে বিলাসবহুল ইয়ট ভাড়া দেওয়ার ব্যবসার সঙ্গে যুক্ত কয়েকটি প্রতিষ্ঠানে ১২ লাখ ডলারের বেশি অর্থ স্থানান্তরের বিষয়টি তদন্তে এসেছে।


এদিকে আন্তর্জাতিক পর্যায়ের অন্যতম প্রধান পৃষ্ঠপোষক মার্কিন বিয়ার প্রস্তুতকারক প্রতিষ্ঠান মিশেলবের সঙ্গেও জটিলতায় পড়েছেন মেসি। আর্জেন্টিনা জাতীয় দলের সঙ্গে অংশীদারত্ব থাকা একটি প্রতিষ্ঠান তাদের প্রচারণায় মেসির ছবি ব্যবহার করে। বিষয়টি মিশেলবের নজরে এলে তারা আপত্তি জানিয়ে মেসির প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ করে।

উইনাস্কির ভাষ্য, ‘মেসি এ বিষয়ে কিছুই জানতেন না। তাহলে উদ্যোগটি কে নিয়েছিল? ক্লদিও তাপিয়া আর্জেন্টিনার এক পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানকে মেসির ছবি ব্যবহারের অনুমতি দিয়েছিলেন, যদিও মিশেলবের সঙ্গে মেসির একচেটিয়া চুক্তি রয়েছে।’

এএফএ ও মেসির ঘনিষ্ঠজনদের মধ্যে অসন্তোষের আরেকটি কারণ ছিল গত অক্টোবরে বেনিনের বিপক্ষে মেসির বিদায়ী ম্যাচ। এ২৪-এর প্রতিবেদন অনুযায়ী, ম্যাচের শব্দ ও আলোকব্যবস্থাপনা এবং খেলা শেষে ড্রোন শো নিয়েও অসন্তুষ্ট ছিলেন মেসি। ওই ড্রোন শোতে মেসিকে তার তুলনামূলক দুর্বল ডান পায়ে বল মারতে দেখানো হয়েছিল।

উইনাস্কি জানিয়েছেন, মেসি তার আইনজীবীদের এএফএ’র কাছে আনুষ্ঠানিক আইনি নোটিশ পাঠানোর খসড়া তৈরির নির্দেশ দিয়েছেন। সেখানে আর্জেন্টাইন ফুটবলের উন্নয়নে ব্যয় না করে মুনাফা অর্জনের উদ্দেশ্যে মেসির নাম ও ছবি ব্যবহার বন্ধ করার দাবি জানানো হবে।

 


এইচকে
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন