পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন

জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের বাসভবনে হামলার প্রতিবাদে বরিশালে আয়োজিত বিক্ষোভ মিছিল পুলিশি বাধায় পণ্ড হয়ে গেছে। এ সময় জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও বরিশাল মহানগরের আহ্বায়ক মহসিন উল ইসলাম হাবুলসহ দলটির ছয় নেতাকর্মীকে পুলিশ হেফাজতে নেওয়া হয়। আটকের প্রায় তিন ঘণ্টা পর বুধবার রাত সাড়ে আটটার দিকে মুচলেকা নিয়ে তাঁদের ছেড়ে দেওয়া হয়েছে।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুল ইসলাম ছয় নেতাকর্মীকে ছেড়ে দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। বরিশাল প্রেস ক্লাবের সভাপতি ও আটক ব্যক্তিদের পরিবারের সদস্যদের দেওয়া মুচলেকার ভিত্তিতে তাঁদের মুক্তি দেওয়া হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বুধবার বিকেলে মহসিন উল ইসলাম হাবুলের নেতৃত্বে জাতীয় পার্টির নেতাকর্মীরা নগরীর জেলা পরিষদ চত্বরে জড়ো হন। এ সময় পুলিশ তাঁদের সেখান থেকে সরিয়ে দেয়। পরে নগরীর লঞ্চঘাট এলাকার একটি রেস্তোরাঁয় পুনরায় সংগঠিত হওয়ার চেষ্টা করলে সেখান থেকে মহসিন উল ইসলাম হাবুলকে পুলিশ হেফাজতে নেওয়া হয়। এ ঘটনায় দলটির আরও পাঁচ নেতাকর্মীকেও হেফাজতে নেওয়া হয়।
আটকের সময় মহসিন উল ইসলাম হাবুল বলেন, জাতীয় পার্টির চেয়ারম্যানের বাসভবনে হামলার প্রতিবাদে তাঁরা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করতে চেয়েছিলেন। কিন্তু নিবন্ধিত একটি রাজনৈতিক দলকে গণতান্ত্রিক দেশে মিছিল করতে দেওয়া হয়নি বলে তিনি অভিযোগ করেন।
এর আগে কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) লুৎফর রহমান জানিয়েছিলেন, মহসিন উল ইসলাম হাবুলকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তাঁকে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার দেখানো হয়নি। জিজ্ঞাসাবাদ শেষে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানিয়েছিলেন তিনি।
পরে রাত সাড়ে আটটার দিকে মুচলেকা নিয়ে হাবুলসহ ছয় নেতাকর্মীকে ছেড়ে দেওয়া হয়।
এইচকেআর