স্বশরীরে হাজির হয়ে শোকজের জবাব দিলেন ইসলামী আন্দোলনের মেয়রপ্রার্থী

গত ৮ মে বিশাল শোডাউন করে বরিশালে নগরিতে এসেছিলেন ইসলামি আন্দোলন বাংলাদেশের মেয়র প্রার্থী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম। বরিশাল নগরীর গড়িয়ার পাড় থেকে আমতলা পর্যন্ত শো ডাউন ও হাতপাখার প্রদর্শনসহ স্লোগান দিয়ে মিছিল করে তার সমর্থকরা।
এ শোডাউনের মাধ্যমে নিবার্চনী বিধি লঙ্ঘন করায় বুধবার সকাল সাড়ে ১০টার মধ্যে তাকে স্ব শরীরে হাজির হয়ে ব্যাখ্যা দিতে বলেছিলো নির্বাচন কমিশন।
কিন্তু তিনি নিজে না এসে প্রতিনিধি মারফত জবাব দেয়ার চেষ্টা করলে তা গ্রহণ করেনি রিটানিং অফিসার।
আর তাই বেলা ১২ টার দিকে রিটানিং কর্মকর্তার কার্যালয়ে স্বশরীরে হাজির হয়ে শোকজের ব্যাখ্যা দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মেয়র প্রার্থী মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম।
রিটানিং কর্মকর্তার সাথে সাক্ষাত শেষে মেয়র প্রার্থী ফয়জুল করীম সাংবাদিকদের বলেন, আমাকে রিটানিং অফিসার স্বশরীরে হাজির হওয়ার জন্য অনুরোধ করেছেন। তাই আইনের প্রতি শ্রদ্ধা রেখে নির্বাচন কার্যালয়ে উপস্থিত হয়েছি। আমার কাছে যে ব্যাখ্যা চেয়েছে তা দিয়েছি। এতে রিটানিং কর্মকর্তা সন্তুষ্ট বলে জানান তিনি।
মেয়র প্রার্থী ফয়জুল করীম বলেন, আমি বাড়ি যাওয়ার পথে উৎসুক জনতা আমাকে রিসিভ করে। তবে আমি ব্যাক্তিগত ভাবে কোন আয়োজন করিনি। কিন্তু নির্বাচন কমিশন এই বিষয়টি নির্বাচন আচরন বিধির খেলাপ বলছে, এটা বিধির মধ্যে পরে না বলে আমি ব্যাখ্যা দিয়েছি।
তবে রিটার্নিং কর্মকর্তা মো. হুমায়ন কবির বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থীকে তলব করা হয়েছিল। তিনি স্বশরীরে উপস্থিত হয়ে শোকজের লিখিত ও মৌখিক জবাব দিয়েছেন। আচারন বিধির বিষয়ে তাঁর অজ্ঞতা ছিল। আমরা বিষয়টি তাকে বুঝিয়ে দিয়েছি। প্রার্থী ভবিষ্যতে আচারন বিধি মেনে চলবেন বলে অঙ্গিকার করেছেন। আমরা তার বক্তব্য পর্যালোচনা করে নির্বাচনী বিধিমালা খতিয়ে দেখে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করবো।
এর আগে বুধবার সকাল সাড়ে ১০ টায় পূর্ব নির্ধারিত সময়ে ফয়জুল করিমের একান্ত সচিব আব্দুল্লাহ আল মামুন টিটু শোকজের জবাবপত্র নিয়ে রিটানিং অফিসারের কার্যালয়ে আসেন। কিন্তু রিটানিং অফিসারের পক্ষ থেকে চিঠি না রেখে তাকে ফিরিয়ে দেয়া হয়।
তখন টিটু সাংবাদিকদের বলেন, প্রার্থী শারীরিকভাবে অসুস্থতার কারণে তার পক্ষে আমি এসেছিলাম। কিন্তু নির্বাচন কর্মকর্তা জবাবপত্র গ্রহণ করেননি। এখন পর্যন্ত মনোনয়নপত্র জমা দেয়া হয়নি অথচ তাকে শোকজ করায় নির্বাচনী লেভেল প্লেইংফিল্ড নিয়ে শঙ্কা প্রকাশ করেন তিনি।
এর আগে বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মেয়র প্রার্থী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীমকে কারণ দর্শানোর নোটিশ দেয় রিটার্নিং কর্মকর্তা মো. হুমায়ন কবির।
নোটিশে প্রার্থীকে মোটরসাইকেল, পিকআপ ও মাইক্রোবাসে নির্বাচনী প্রতীক হাতপাখা প্রদর্শন করে আচরণবিধি ৫৭ (ক) ১১ (২) ও ১৩ (৩) ধারা লঙ্ঘন করেছেন বলে উল্লেখ করে শোকজ করা হয়।
এইচকেআর