বরিশালে আন্তর্জাতিক শব্দসচেতনতা দিবস উদযাপন

বরিশালে নানা আয়োজনের মধ্যদিয়ে আন্তর্জাতিক শব্দসচেতনতা দিবস উদযাপন করা হয়েছে।‘সুরক্ষিত শ্রবণ, সুরক্ষিত জীবন’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে বুধবার জেলা প্রশাসকের সভাকক্ষে দিবসটি উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. আহসান হাবিব।
এর আগে শব্দদূষণ নিয়ন্ত্রণ সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্প -এর আওতায় জেলা প্রশাসনের সহযোগিতায় জেলা পরিবেশ অধিদপ্তরের আয়োজনে সকাল সাড়ে নয়টায় নগরের সার্কিট হাউজ থেকে একটি র্যালি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়।
হাইড্রোলিক হর্ণ বন্ধের আহ্বান জানিয়ে আলোচনা সভায় বক্তারা বলেন, শব্দদূষণ মানব দেহে মারাত্মক ক্ষতিকর প্রভাব ফেলে। শব্দদূষণের ফলে মানুষের শ্রবণশক্তি হ্রাস পায়। এছাড়াও হৃদরোগ, উচ্চ রক্তচাপ, মাথাব্যাথা ও মনঃসংযোগ নষ্ট হতে পারে। গর্ভাবস্থায় অতিরিক্ত শব্দের ফলে শিশু বিশেষ চাহিদাসম্পন্ন হতে পারে। শব্দদূষণের ফলে মানুষ বিশেষ করে শিশুরা বধির হতে পারে। এজন্য বাস-ট্রাক ও মটরসাইকেলে হাউড্রোলিক হর্ণ বাঁজানো বন্ধ করার আহ্বান জানান উপস্থিত বক্তারা।
জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সোহেল মারুফ, পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক এ এইচ এম রাসেদ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. মুরাদ উল হাসান ও জেলা শিক্ষা কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসাইন।
এসময় সরকারি কর্মকর্তা, বিভিন্ন পরিবেশবাদী সংগঠনের নেতৃবৃন্দ, বিদ্যালয়ের শিক্ষার্থী ও রোভার স্কাউটের সদস্যরা উপস্থিত ছিলেন। আলোচনা সভার শুরুতে শব্দসচেতনতাবিষয়ক তথ্যচিত্র প্রদর্শন করেন পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আবদুল মালেক।
এইচকেআর