বাবুগঞ্জে হাতুড়ি পেটায় জীবন মরণ সন্ধিক্ষণে কলেজ ছাত্র ইমন

বরিশালের বাবুগঞ্জে ইব্রাহীম বাহিনীর হাতুড়ির আঘাতে জীবন মরণ সন্ধিক্ষণে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে আইসিইউতে রয়েছে বাবুগঞ্জ ডিগ্রী কলেজ'র দ্বাদশ শ্রেণির মানবিক শাখার ছাত্র মো. ইমন হোসেন (২০)।
এছাড়া ছাত্রলীগের কর্মী আরিফ হোসেন (২০) মাথায় আঘাত পেয়ে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
ঘটনাটি ঘটেছে রবিবার সন্ধ্যায় উপজেলার রহমতপুর ইউনিয়নের ওলানকাঠী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে।
প্রত্যক্ষদর্শী ও আহতদের সহপাঠীদের সূত্রে জানাযায়, চাঁদপাশা ইউনিয়নের বকশিরচর গ্রামের মো. সিকান্দারের ছেলে ইব্রাহীমের নেতৃত্বে চাঁদপাশা ইউনিয়নের পোস্ট অফিস এলাকার মো. সিফাত, একই ইউনিয়নের বকশিরচর এলাকার রায়হানসহ কয়েকজন ইমন ও আরিফ হোসেনের উপর হাতুড়ি ও দেশীয় অস্ত্র দিয়ে অতর্কিত হামলা করে।
এসময় ইমনের মাথার উপরে সজোরে হাতুড়ির আঘাত করলে সে মাটিতে লুটিয়ে পরে। ছাত্রলীগ কর্মী আরিফ ইমনকে বাঁচাতে এগিয়ে আসলে তাকেও হাতুড়ি দিয়ে পিটিয়ে আহত করা হয়। আহত দুজনকে স্থানীয়রা উদ্ধার করে শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। রাতে ইমনের অবস্থা আশংকা জনক হলে তাকে কর্তব্যরত চিকিৎসক ঢাকায় প্রেরণ করেন।
বিষয়টি নিশ্চত হওয়ার জন্য অভিযুক্ত ইব্রাহীমকে ফোন দিলে সে ফোন রিসিভ না করে অন্য কেউ ফোন রিসিভ করে বলেছে ইব্রাহীম অসুস্থ।
এইচকেআর