আমদানি-রপ্তানি বন্ধের হুমকি ভারতীয়দের

করোনাভাইরাসের ভারতীয় ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ার আশংকায় দিনাজপুরের হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রমে স্বাস্থ্যবিধি মানার বেশ কিছু বিধি-নিষেধ আরোপ করা হয়েছে। এ বিধি-নিষেধ আরোপ করায় বুধবার থেকে অনির্দিষ্টকালের জন্য আমদানি-রপ্তানি বন্ধের ঘোষণা দিয়েছে ভারতের হিলি এক্সপোর্টার্স এন্ড কাস্টম্স ক্লিয়ারিং এজেন্টস এসোসিয়েশন।
বাংলাদেশের হিলি স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপের দেয়া শর্তে রাজী না হয়ে ৯ জুন থেকে তারা আমদানি-রপ্তানি কার্যক্রম অনির্দিষ্ঠকালের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত জানিয়ে রোববার বিকালে বাংলাদেশকে চিঠি দেয় ভারতের হিলির ব্যবসায়ী এই সংগঠনটি।
বাংলাদেশের হিলি স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপকে দেয়া ভারতের হিলি এক্সপোর্টার্স এন্ড কাস্টম্স ক্লিয়ারিং এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ধীরাজ অধিকারী স্বাক্ষরিত চিঠিতে উল্লেখ করা হয়েছে- ১. আগামী ৮ জুনের মধ্যে সব ড্রাইভারকে করোনা টিকা দেয়া সম্ভব নয়, কারণ ভারতজুড়েই টিকার অভাব রয়েছে। ২. পুর্বের ন্যায় সন্ধ্যা ৬টা পর্যন্ত আমদানি-রপ্তানি কার্যক্রম চালু রাখতে হবে। ৩. বাংলাদেশের আমদানি-রপ্তানিকারক গ্রুপের একক সিদ্ধান্ত আমরা মেনে নিতে পারছি না, এতে আমরা অপমানিত বোধ করছি। ৪. অন্যান্য বন্দরের মতো হিলি স্থলবন্দরেও গাড়ি স্বাভাবিকভাবে নিতে হবে।
চিঠিতে উল্লেখ করা হয়, গত ৬ জুন অ্যাসোসিয়েশনের কার্যকরী কমিটির সভায় আগামী ৯ জুন বুধবার থেকে হিলি স্থলবন্দর দিয়ে আন্তর্জাতিক বানিজ্য অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়।
ভারতের হিলি এক্সপোর্টার্স এন্ড কাস্টম্স ক্লিয়ারিং এজেন্টস এসোসিয়েশনের চিঠি পাওয়ার কথা স্বীকার করে বাংলাদেশের হিলি স্থলবন্দর আমদানি-রপ্তানিকরক গ্রুপের সভাপতি হারুন-উর রশিদ হারুন জানান, ভারতে করোনাভাইরাস ভয়াবহ রূপ ধারণ করেছে। কিন্তু এরপরও কোনো স্বাস্থ্যবিধি মানছেন না ভারতের ব্যবসায়ী ও ট্রাক ড্রাইভাররা। এতে বাংলাদেশের হিলি স্থলবন্দরে করোনাভাইরাসের ভারতীয় ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ার আশংকা রয়েছে। গত কয়েকদিনেই হিলি স্থলবন্দরের সংশ্লিষ্ট বেশ কয়েকজন করোনায় আক্রান্ত হয়েছে।
এমবি