বরিশালে গণসংহতি আন্দোলনের বিক্ষোভ সমাবেশ

ভূমিহীনদের খাস জমি বন্দোবস্ত দেয়া সহ সকল নিত্যপণ্য মূল্য অস্বাভাবিক বৃদ্ধি রোধ ও প্রস্তাবিত বাজেটে শিক্ষা, স্বাস্থ্য ও কৃষিতে বরাদ্দ বাড়ানোর দাবিতে বরিশালে গণসংহতি আন্দোলনের বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ( ১৪জুন) সকাল সাড়ে ১০ টায় নগরীর অশ্বিনী কুমার হল চত্বরে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
গণসংহতি আন্দোলন বরিশাল জেলা আহ্বায়ক দেওয়ান আবদুর রশিদ নীলুর সভাপতিত্বে ও সংগঠনের সদস্য সাকিবুল ইসলাম সাফিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা কমিটির সদস্য সচিব আরিফুর রহমান মিরাজ, সদস্য নজরুল ইসলাম খান, সদর উপজেলার সদস্য সচিব ইয়াসমিন সুলতানা, বাংলাদেশে ছাত্র ফেডারেশন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষা ও রাজনৈতিক বিষয় সম্পাদক সজীব ওয়াফি, বরিশাল বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক জামান কবির, বরিশাল জেলা সভাপতি জাবের মোহাম্মদ ও সহ-সভাপতি হাছিব আহমেদ ও রুহুল আমিন প্রমুখ।
বক্তারা বলেন, "দেশে এখন চলছে বোরো ধানের ভরা মৌসুম। প্রতিবছর এসময় চালের দাম কমতির দিকে থাকে। কিন্তু এবার চিত্র উল্টো। অটো রাইস মিল মালিকরা চাল মজুত করায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। চালের সংকটের কথা চিন্তা করে সবাই মজুত করতে শুরু করেছে। ফলে ভরা মৌসুমেও চালের বাজার উর্দ্ধমুখী। কৃষকরা তাদের উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য পায় না। সরকারের অব্যাবস্থাপনার ফলে হাওরের কৃষকরা বারবার ক্ষতিগ্রস্ত হচ্ছে। আবার তাদের উৎপাদিত পন্যই দ্বিগুন দামে তাদের ক্রয় করতে হচ্ছে।
বক্তারা আরো বলেন, বাজেট পেশকালে জ্বালানি তেল ও সারের দাম পর্যায়ক্রমে ও স্বল্প আকারে বাড়িয়ে সমন্বয় করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী। আমরা এমন বক্তব্য প্রত্যাখ্যান করছি। বাজেটে রাষ্ট্রিয় উদ্যোগে খাদ্যপন্য মজুদ,রেশন ব্যবস্থা, ন্যূনতম মজুরি ও হতদরিদ্র কর্মহীনদের নগদ সহায়তার নির্দেশনা নেই। সামাজিক নিরাপত্তায় বরাদ্দ বৃদ্ধি ছাড়া জনকল্যাণ অর্জন করা সম্ভব নয়।
স্বাস্থ্য খাতকে লক্ষ্য করে তাঁরা বলেন, করোনাকালীন সময়ের ভঙ্গুর স্বাস্থ্য খাতের দিকে সরকারের নজর নেই। গতবছর স্বাস্থ্য খাতের মোট বরাদ্দের ৫৯% শতাংশ এখনও অব্যবহৃত রয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের সক্ষমতা না বাড়ালে এবারের বরাদ্দও ফলপ্রসূ হবে না।
আগামী চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় টেকসই শিক্ষানীতি প্রনয়নের কথা উল্লেখকরে তাঁরা বলেন, গতবছর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে যে ডিজিটাল ডিভাইস বিতরন করা হয়েছিল তার অনেকাংশই ডিজিটাল ল্যাব ও দক্ষ শিক্ষকের অভাবে আলোর মুখ দেখেনি। দেশকে উন্নতির দিকে ধাবিত করতে হলে শিক্ষা ব্যাবস্থার আমূল পরিবর্তন দরকার।
বক্তারা বলেন, ভূমিহীনরা তাদের ন্যায্য ভূমির অধিকার তুলেছে। অবিলম্বে তাদের খাস জমি ও আবাসনের কার্যকর ব্যবস্থা গ্রহন করতে হবে।
এইচকেআর