মুলাদীতে বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার

মুলাদীতে ইউনুছ ফকির (৭৮) নামের এক বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার সকাল ৮টার দিকে মুলাদী থানা-পুলিশ উপজেলার চরকালেখান ইউনিয়নের কায়েতমারা গ্রামের নিহতের ঘর থকে মরদেহ উদ্ধার করে।
জানা যায়, নিহত ইউনুছ ফকির কায়েতমারা গ্রামের মৃত মেছের ফকিরের ছেলে।
স্বজনদের দাবি, আলসারের ব্যথা সহ্য করতে না পারাতে ইউনুছ ফকির আত্মহত্যা করেছেন।
এ বিষয়ে স্থানীয়রা জানান, ইউনুছ ফকির গৃহস্থলীর কাজ করতেন। ছেলে-মেয়েরা সবাই আলাদা থাকায় স্ত্রীকে নিয়ে তিনি বাস করতেন। দীর্ঘদিন ধরে ইউনুছ ফকির গ্যাস্ট্রিক, আলসার রোগে ভুগছিলেন।
ইউনুছ ফকিরের স্ত্রী রহিমা খাতুন জানান, ‘তাঁর স্বামীর অনেক দিন ধরে আলসারজনিত পেটের ব্যথা ছিল। টাকার অভাবে পর্যাপ্ত চিকিৎসা করাতে পারেননি। মাঝে মাঝে দোকান থেকে গ্যাস্ট্রিকের ওষুধ কিনে খেতেন। বেশ কিছুদিন ধরে ওষুধ খেতে পারেননি। গতকাল রোববার রাতে ভাত খাওয়ার পরে পেটে ব্যথা শুরু হয়। ভোররাতে ঘুম ভাঙলে ঘরের ভেতর স্বামীর ঝুলন্ত মরদেহ দেখে চিৎকার করেন।
স্ত্রী ও স্থানীয়দের ধারণা গ্যাস্ট্রিক, আলসারের ব্যথা সহ্য করতে না পেরে ইউনুছ ফকির ভোররাতের দিকে আত্মহত্যা করেছেন। সংবাদ পেয়ে মুলাদি থানা-পুলিশ নিহতের বাড়ি থেকে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠান।
এ বিষয়ে মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস. এম মাকসুদুর রহমান জানান, ইউনুছ ফকিরের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়া পরে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এইচকেআর