আগৈলঝাড়ায় বাগধা ইউনিয়নকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনার অঙ্গীকার কেউ থাকবে না গৃহহীন, মুজিববর্ষ উপলক্ষে আশ্রয়ণ প্রকল্পের ৩য় ধাপে বরিশালের আগৈলঝাড়ায় একটি ইউনিয়নকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষনা করা হয়েছে।
জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ইউএনও মো. সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে বাগধা ইউনিয়নকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষনা করা হয়।
ইউএনও মো. সাখাওয়াত হোসেন জানান, বাগধা ইউনিয়নে ২৫টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের জন্য জায়গাসহ ঘর ও পরবর্তীতে আরও ৫০টি পরিবারের জন্য ঘর বরাদ্দের পরিকল্পনা সামনে রেখে বাগধা ইউনিয়নকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষনা করা হলো। এছাড়া যাদের এক বা দুই শতাংশ জায়গা আছে অথচ ঘর নেই তাদের জন্য সরকার থেকে ঘর বরাদ্দ করা হবে বলেও জানান তিনি।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নেহের নিগার তনু, বাগধা ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম বাবুল ভাট্টি, ইউপি সদস্য জেসমিন আক্তারসহ ওই ইউনিয়নের সকল ইউপি সদস্যবৃন্দ।
আগৈলঝাড়া উপজেলাকে গৃহহীন ও ভূমিহীন মুক্ত করার লক্ষ্যে জরিপের ভিত্তিতে গৃহনির্মাণের কাজ এগিয়ে চলছে। এই প্রকল্পের নির্মাণ কাজ নিয়মিত পরিদর্শন করেছেন উপজেলার কর্মকর্তারা।
এদিকে উপজেলার বাকি ৪টি ইউনিয়নে গৃহহীন পরিবারের জন্য পাকা ঘর নির্মাণ কাজ দ্রæত গতিতে এগিয়ে চলেছে। প্রতিটি ঘরের নির্মাণ মূল্য ২ লাখ ৪০ হাজার টাকা ধার্য করা হয়েছে।
এইচকেআর