বরিশালে 'পলিটিক্স ম্যাটারস' ওয়েবসাইট উদ্বোধন

ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল রাজনৈতিক নেতাদের জন্য একটি অনলাইন প্লাটফর্ম তৈরি করেছে। এর মাধ্যমে নেতাকর্মীরা রাজনৈতিক দক্ষতা অর্জন করতে পারবে। গতকাল বুধবার (২৫ মে) বরিশাল নগরীর বান্দ রোডের ইউরো কনভেনশন হলে পলিটিকস ম্যাটার্স নামে ওয়েবসাইটের আঞ্চলিক উদ্বোধন অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ আওয়ামী লীগ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও জাতীয় পার্টির বরিশাল, ঝালকাঠি ও বরগুনার নেতৃবৃন্দরা এতে উপস্থিত ছিলেন। এছাড়া ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের মাস্টার ট্রেনার ও ফেলোরা সক্রিয়ভাবে অংশ নেন।
ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সিনিয়র আঞ্চলিক ব্যাবস্থাপক জানান, 'পলিটিকস ম্যাটার্স' নামের এই ওয়েবসাইটে রয়েছে ৮ টি অনলাইন কোর্স। কোর্সগুলোতে রয়েছে প্রশিক্ষণ মডিউল, ইনফোগ্রাফিক, অ্যানিমেশন ভিডিও ও কুইজ৷ প্রশিক্ষণ শেষে রয়েছে ই-সির্টিফিকেট অর্জনের সুযোগ। এছাড়াও ৮ টি কোর্স সম্পন্ন করে 'গ্রাজুয়েট' হওয়া যাবে।
ওয়েবসাইটটির আঞ্চলিক উদ্বোধনী অনুষ্ঠানে ৩ দলের নেতৃবৃন্দরা সমস্বরে কাউন্টডাউন করে আনুষ্ঠানিকভাবে বরিশাল অঞ্চলে উদ্বোধন করেন এই ওয়েবসাইটটি। ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল -এর ভলান্টিয়ারদের সহায়তায় অনুষ্ঠান চলাকালীনই উপস্থিত সকলে এই ওয়েবসাইটটিতে রেজিষ্ট্রেশন প্রক্রিয়ন সম্পন্ন করেন।
এছাড়া এই ওয়েবসাইটটিকে সকলের মাঝে ছড়িয়ে দিতে কি কি পদক্ষেপ নেয়া যেতে পারে, সেই মর্মে মতামত প্রদান করেন অংশগ্রহণকারীরা। মাস্টার ট্রেনাররা তাদের নিজ নিজ দল ও ইউনিটের নেতাকর্মীদের মাঝে ওয়েবসাইটটিকে ছড়িয়ে দিতে প্রশিক্ষণ পরিকল্পনা গ্রহণ করেন। উল্লেখ্য যে, মাস্টার ট্রেনাররা হলেন রাজনৈতিক দলের মধ্যম পর্যায়ের নেতা যারা সিনিয়র নেতাদের সুপারিশক্রমে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল থেকে রাজনৈতিক দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ গ্রহণ করে তৃণমূল পর্যায়ে প্রশিক্ষণ দেন।
ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সিনিয়র আঞ্চলিক ব্যাবস্থাপক আরো বলেন, www.politicsmatters.com.bd এমন একটি প্লাটফর্ম যেখানে রাজনৈতিক কর্মীরাই শুধু নয়, সেই সাথে রাজনীতি বিষয়ে আগ্রহীরাও তাদের রাজনৈতিক চর্চা সমৃদ্ধ করা, নেতৃত্বের উন্নয়ন ঘটানো এবং গণতন্ত্রকে শক্তিশালী করার জন্য আন্তর্জাতিক মানের দক্ষতা ও জ্ঞান অর্জন করতে পারে।
এমইউআর