সাদিক আব্দুল্লাহ মুখ দিয়ে যা বলে তা কাজে করে

বরিশাল সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ বলেন, আমি এসি গাড়িতে ঘুরে ঘুরে জনগনের সাথে দেখা করি না। আমি রাস্তায় হেটে হেটে জনগনের সেবা করি। এই শহরের অলিগলির জনগণ, ভিখারী, পাগলের কাছে জিজ্ঞেস করেন। দেখেন তারা কার কথা বলেন।
শনিবার (১৪ মে) দুপুরে বরিশাল নগরীর বান্দ রোডে জেলা শিল্পকলা একাডেমি অডিটরিয়ামে বরিশাল মেট্রোপলিটন পুলিশ আয়োজিত কমিউনিটি পুলিশিং সভায় সভাপতির বক্তৃতায় এসব কথা বলেন তিনি। সভায় প্রধান অতিথি ছিলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব) জাহিদ ফরুক শামীম এমপি।
সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ বলেন, নগরবাসী আপনারা অহংকার করে কথা বলতে পারেন। সিটির সড়ক উন্নয়ন পাঁচ বছরের গ্যারান্টি দিয়ে করা হচ্ছে। দেশের কোথাও এমন উদাহরণ নেই। বিসিএস পরীক্ষায় বরিশাল সিটি করপোরেশনকে সৃজনশীল সিটি হিসেবে প্রশ্ন আসে। এই শহরে মজিবর রহমান সরোয়ারের (বিএনপির যুগ্ম মহাসচিব) মত লোকও রাজনীতি করেছে। সকাল-বিকেল হাতপা ফেলে দিয়েছেন।
ছাত্রলীগের নামধারীরা শিক্ষকদের ধাওয়া করে কিভাবে লাঞ্ছিত করেছেন তা জনগন ভোলেনি। এইসব পরিস্থিতির পরিবর্তন এনেছি, তাতো আপনাদের স্বীকার করতে হবে। তিনি বলেন, কারো প্রতি আমার অভিযোগ নেই। কারন আমি সঠিক পথে আছি। সাদিক আব্দুল্লাহ মুখ দিয়ে যা বলে সেটি কাজে করে। আমার জীবন-যৌবন এই শহরের মানুষের জন্য বিলিন করে দিয়ে দিয়েছি।
আমার গালে চড় দিবেন, আমি আমার দাদা আব্দুর রব সেরনিয়াবাতের মত আমার আরেক গাল পেতে দিব চড় খাওয়ার জন্য। মনে রাখবেন, চড় খেয়েও জয়ী হওয়া যায় তার প্রমান ১৮ আগস্টের ঘটনা। সাদিক আব্দুল্লাহ বলেন, পানি সম্পদ প্রতিমন্ত্রী ও আমার মধ্যে বিরোধ বলে অনেকেই রাজনৈতিক ফায়দা নিতে চান।
‘মুজিববর্ষে পুলিশ নীতি, জনসেবা আর সম্প্রীতি’ এই শ্লোগান নিয়ে অনুষ্ঠিত কমিউনিটি পুলিশ সভায় প্রধান বক্তা ছিলেন বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার ও অতিরিক্ত আইজিপি মো. শাহাবুদ্দিন খান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- অতিরিক্ত পুলিশ কমিশনার প্রলয় চিসিম, অতিরিক্ত বিভাগীয় কমিশনার খন্দকার আনোয়ার হোসেন, জেলার স্থানীয় সরকার উপ-পরিচালক মো. শহীদুল ইসলাম ও বরিশাল মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ কে এম জাহাঙ্গীর।
এছাড়াও অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন- বরিশাল সদর উপজেলা চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টু, বাবুগঞ্জ উপজেলা চেয়ারম্যান কাজী এমদাদুল হক দুলাল, বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিউনিটি পুলিশিং কেন্দ্রীয় ফোরামের সভাপতি অধ্যাপক স.ম ইমামুল হাকিম, সাধারণ সম্পাদক ও শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন প্রমুখ।
কমিউনিটি পুলিশ সভা শেষে ‘কমিউনিটি বার্তা’ নামের একটি ত্রৈমাসিক পত্রিকার মোড়ক উন্মোচন করেন অতিথিবৃন্দ। পুলিশের সঙ্গে জনগণের সম্পর্ক এবং মেলবন্ধন তৈরি করতে প্রতি তিন মাস অন্তর ‘কমিউনিটি বার্তা’ প্রকাশিত হবে বলে জানিয়েছেন পত্রিকাটির সম্পাদক এবং বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিউনিটি পুলিশিং কেন্দ্রীয় ফোরামের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন।
এসএমএইচ