আগৈলঝাড়া হাসপাতালে একদিনে ৭ জন ডায়রিয়া রোগী ভর্তি

দিনে গরম রাতে ঠান্ডা এই আবহাওয়া পরিবর্তনের কারনে বরিশালের আগৈলঝাড়ায় ডায়রিয়া রোগীর সংখ্যা প্রতিদিনই বাড়ছে। বুধবার একদিনে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ৭ জন রোগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে। এছাড়া প্রতিদিনই আক্রান্ত শিশু ও বৃদ্ধ রোগীরা হাসপাতালে ভর্তি হচ্ছে।
হাসপাতালে চিকিৎসা দিতে হিমশিম খেতে হচ্ছে চিকিৎসকদের। এছাড়াও হাসপাতালের আউডডোরে প্রতিদিন ১৫-২০জন ডায়রিয়া ও নিউমোনিয়া রোগী চিকিৎসা নিচ্ছেন।
গত দুই দিন ধরে ডায়রিয়া রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে বেশি। মঙ্গলবার একদিনে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বুধবার আবার একদিনে উপজেলা হাসপাতালে ডায়রিয়া আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন কোদালধোয়া গ্রামের বিপ্লব পান্ডের সাত বছরের ছেলে অভি পান্ডে, মোল্লাপাড়া গ্রামের বেলায়েত হাওলাদারের ভাষাই হাওলাদার (৭০), তালতা গ্রামের আনিচ আকনের দশ মাসের ছেলে জিহাদ আকন, বাগধা গ্রামের রবিউল সিকদারের দশ মাসের ছেলে আব্দুল আলিম, কাঠিরা গ্রামের অমল হালদারের ছেলে অরুন হালদার (২২), একই এলাকার নাছির হাওলাদারের পাঁচ মাসের মেয়ে তাসফিয়া আক্তার, সেরাল গ্রামের জাকির হোসেন বেপারীর চার মাসের ছেলে ওসমান।
হঠাৎ করে আবহাওয়া পরিবর্তনের কারনে এই রোগের সংখ্যা বেড়ে যাচ্ছে বলে জানান চিকিৎসকরা। উপজেলা হাসপাতালের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বখতিয়ার আল মামুন বলেন, আবহাওয়া পরিবর্তনের কারনে শিশুদের ডায়রিয়া রোগ দেখা দিয়েছে বেশি। অন্য সময়ের চেয়ে বর্তমানে রোগীর সংখ্যা একটু বেশী।
এইচকেআর