রবীন্দ্রজয়ন্তী উৎসবের পুরস্কার বিতরণ

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬১ তম জন্মবার্ষিকী উপলক্ষে বরিশালে শুরু হওয়া তিন দিনব্যাপি রবীন্দ্রজয়ন্তী উৎসবের দ্বিতীয় দিনে পুরস্কার বিতরণ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ মে) বরিশাল জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে দ্বিতীয় দিনের এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার।
জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ বরিশাল জেলা শাখার সভাপতি কাজল ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- বিশিষ্ট সাংস্কৃতিক ও সংস্কৃতিজন মানবেন্দ্র বটব্যাল, বীর মুক্তিযোদ্ধা কে.এস.এ মহিউদ্দিন মানিক- বীর প্রতীক, সাবেক জেলা শিশু বিষয়ক কর্মকর্তা পঙ্কজ রায় চৌধুরী।
এছাড়া মুখ্য আলোচক ছিলেন বিশিষ্ট ছড়াকার ও সংস্কৃতিজন অধ্যাপক দীপঙ্কর চক্রবর্তী এবং আলোচক কবি আসমা চৌধুরী। এছাড়াও জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ বরিশাল জেলার সাধারণ সম্পাদক সুখেন্দু শেখর সরকার সহ অন্যান্য অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে অতিথিদের সাথে নিয়ে প্রদীপ প্রজ্জলনের মধ্যদিয়ে দ্বিতীয় দিনের রবীন্দ্রজয়ন্তী উৎসবের শুভ সূচনা করেন জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার। পরে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন আদর্শ নিয়ে বিস্তারিত আলোচনা করেন অতিথিরা। এরপর অনুষ্ঠিত হয় পুরস্কার বিতরণ অনুষ্ঠান। পরিশেষে শিল্পকলা একাডেমির মঞ্চে মঞ্চস্ত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
এর আগে গত ৯ মে সোমবার রাত ৮টায় বরিশাল জেলা প্রশাসন ও জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ জেলা শাখা আয়োজিত রবীন্দ্রজয়ন্তী উৎসবের উদ্বোধন করা হয়। আজ বুধবার রাত ৭টায় তিন দিনব্যাপি সমাপনী অনুষ্ঠান শিল্পকলা একাডেমি অডিটরিয়ামে অনুষ্ঠিত হবে বলে জেলা প্রশাসনের মিডিয়া সেলে জানানো হয়েছে।
এসএমএইচ