ঘূর্ণিঝড় আসানির আতঙ্কে বেড়িবাঁধহীন গ্রামের কৃষকরা

ঘূর্ণিঝড় আসানির প্রভাবে বরিশালের উপকূলীয় এলাকার বেড়িবাঁধহীন গ্রামে দেখা দিয়েছে আতঙ্ক। বৃষ্টির পানিতে এমনিতেই তলিয়ে যাচ্ছে আলু, বাদাম, কলাই, তৈলবীজসহ রবিশষ্যের ক্ষেত।
পিরোজপুরের ইন্দুরকানীতে কচা ও বলেশ্বর নদীতীরে বেড়িবাঁধ না থাকায় টগড়া, চর সাঈদখালী, পাড়েরহাট, চন্ডিপুর, খোলপটুয়া ও চাড়াখালী গুচ্ছ গ্রামের বাসিন্দারা চরম আতঙ্কে রয়েছেন।
স্থানীয়রা বলেন, বেড়িবাঁধ না থাকায় আমরা চরম আতঙ্কে রয়েছি। যেকোনো সময় পানি ঢুকে তলিয়ে যেতে পারে গ্রাম। ভেসে যেতে পারে আমাদের সাজানো সংসার।
ওদিকে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার কুয়াকাটা রক্ষা বেড়িবাঁধের ৪৮ নং পোল্ডারের দুইটি পয়েন্ট ঝুঁকিতে রয়েছে। ঝুঁকিতে রয়েছে নিজামপুর, কোমরপুর ও সুধীরপুর বেড়িবাঁধ। পাউবোর কলাপাড়া সার্কেলের সহকারী প্রকৌশলী মেহরাজ তুহিন বলছেন, তিন নদীর মোহনায় বড় ধরণের জলোচ্ছ্বাসের আশঙ্কা নেই।
কলাপাড়ার বিভিন্ন এলাকার কৃষকদের সঙ্গে কথা বলে জানা যায়, মুসুরি-মুগডাল,কলাই, খেসারি, মিষ্টি আলু, গোল আলু, বাদাম, তৈলবীজ, সূর্যমূখী, মরিচসহ নানা শষ্যক্ষেত বৃষ্টির পানিতে তলিয়ে যাচ্ছে। এর মধ্যে ঘূর্ণিঝড় আসানির সংবাদে আরও আতঙ্কিত হয়ে গেছে স্থানীয়রা।
এসএমএইচ