অতিরিক্ত যাত্রী নেওয়ায় চার লঞ্চকে অর্থদণ্ড
.jpg)
অতিরিক্ত যাত্রী বহন করার দায়ে চারটি লঞ্চকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। শনিবার (০৭ মে) সন্ধ্যায় বরিশাল নদী বন্দরে অভিযান চালিয়ে লঞ্চগুলোকে জরিমানা করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন নদী বন্দর কর্মকর্তা ও বিআইডবিøউটিএর যুগ্ম পরিচালক মোস্তাফিজুর রহমান।
তিনি বলেন, বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রী নিয়ে শনিবার সন্ধ্যায় ভায়াসহ মোট ১৯টি লঞ্চ ছেড়ে গেছে। প্রতিটি লঞ্চেই যাত্রীদের চাপে কিছুটা অতিরিক্ত যাত্রী ছিল। এরমধ্যে চারটি লঞ্চ ধারণক্ষমতার চেয়ে অস্বাভাবিক বেশি যাত্রী নেওয়ায় তাদের আলাদা আলাদা অর্থদণ্ড করেছেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচালিত ভ্রাম্যমান আদালত।
এরমধ্যে এমভি কীর্তনখোলা-২ লঞ্চকে এক লাখ টাকা, সুন্দরবন ১১ লঞ্চকে দশ হাজার টাকা, কুয়াকাটা-২ লঞ্চকে দশ হাজার টাকা এবং পারাবত-৯ লঞ্চকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়।
মূলত শনিবার সরকারি ছুটির শেষ দিন হওয়ায় বরিশাল নদী বন্দরে অতিরিক্ত যাত্রী চাপ ছিল।
মোস্তাফিজুর রহমান বলেন, অনেক যাত্রী যেতে পারেনি। তাদের জন্য আরেকটি লঞ্চের ব্যবস্থা করার চেষ্টা চলছে। রোববারও কিছুটা যাত্রী চাপ থাকবে। তবে যাত্রীদের নিরাপত্তায় আমরা সাধ্যমত চেষ্টা করছি যেন তারা ভোগান্তি ছাড়া গন্তব্যে যেতে পারে।
এসএমএইচ