অতিরিক্ত যাত্রীর চাপে লঞ্চ থেকে নদীতে পড়ে গেলো কিশোর
.jpeg)
গাদাগাদি করে লঞ্চে উঠতে গিয়ে নদী পরে গেছেন এক যাত্রী। তবে ফায়ার সার্ভিস, নৌ-পুলিশ, লঞ্চ স্টাফের সহায়তায় তাকে উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (০৬ মে) সন্ধ্যায় বরিশাল নদী বন্দরে নোঙর করে থাকা এমভি পারাবত-১৮ লঞ্চে এই ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন বিআইডব্লিটিএর পন্টুন লস্কর দেলোয়ার হোসেন। তিনি জানান, এমভি পারাবত-১৮ লঞ্চে হুরোহুরি করে উঠতে গিয়ে ইয়াছিন নামে এক কিশোর কীর্তনখোলা নদীতে পরে যায়। তাৎক্ষণিক তাকে নদী ফায়ার স্টেশন, বিআইডব্লিউটিএ, নৌ-পুলিশ ও লঞ্চ স্টাফরা রশি ফেলে টেনে তোলেন। জানা গেছে নদীতে পড়ে যাওয়া কিশোরের বাড়ি ঝালকাঠি জেলায়।

বরিশাল নৌ ফায়ার স্টেশনের কমাণ্ডার খোরশেদ আলম বলেন, ওই কিশোরকে উদ্ধার করে লঞ্চে উঠিয়ে দেওয়া হয়। আজকে বরিশাল থেকে ঢাকাগামী যাত্রীদের ভিড় ছিল অস্বাভাবিক। লঞ্চগুলোও যাত্রীতে পরিপূর্ণ ছিল। অতিরিক্ত যাত্রী হয়ে উঠতে গিয়ে ওই কিশোর নদীতে পরে যায়। তবে দ্রুত ব্যবস্থা গ্রহন করায় তার কোন ক্ষতি হয়নি।
প্রসঙ্গত, শুক্রবার (৬ মে) বরিশাল নদী বন্দর থেকে মোট ১৮টি লঞ্চ যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেছে। এরমধ্যে তিনটি লঞ্চ অতিরিক্ত যাত্রী বহন করায় ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে তাদের ৩০ হাজার টাকা জরিমানা করে।
এসএমএইচ