বাকেরগঞ্জের রনি হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

এলাকায় আধিপত্য বিস্তার ও মাদক সংশ্লিষ্টতার জেরেই বাকেরগঞ্জের রবিউল ইসলাম রনি মোল্লাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। হত্যাকাণ্ডের ১১ দিনের মধ্যে মামলার প্রধান আসামি মো. জহিরুল ইসলাম মামুন মেম্বার ওরফে হাতকাটা মামুনকে নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার করে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র্যাব)।
রোববার (১ মে) বেলা সোয়া ১১টায় র্যাব কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বরিশাল র্যাব-৮ এর অধিনায়ক জামিল হাসান।
তিনি বলেন, এলাকায় আধিপত্য বিস্তার ও মাদক সংশ্লিষ্টতার জেরে গত ১৯ এপ্রিল রাতে বাকেরগঞ্জের সোনাপুরা গ্রামের রবিউল ইসলাম রনি মোল্লা ও তার দুই ভাইকে দেশীয় অস্ত্র ধারালো দা, রামদা, ছেনা, দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে জখম করে মামলার অন্যতম আসামি মো. জহিরুল ইসলাম মামুন। পরে রনি মোল্লাকে স্থানীয়রা উদ্ধার করে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় রনির বাবা মো. ইয়াছিন আলী মোল্লা গত ২১ এপ্রিল বাকেরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। এরই ধারাবাহিকতায় র্যাব-৮ বরিশালের একটি দল শনিবার (৩০ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টায় মো. জহিরুল ইসলাম মামুন (৩৭) ও একই এলাকার আব্দুর রবকে (৩৫) নারায়ণগঞ্জের রুপগঞ্জ থেকে গ্রেফতার
করা হয়।
র্যাব জানায়, গ্রেফতার আসামি মো. জহিরুল ইসলাম মামুন মেম্বার ওরফে হাত কাটা মামুনের বিরুদ্ধে খুন, সন্ত্রাসী ও চাঁদাবাজি, মাদকসহ বিভিন্ন অভিযোগে বাকেরগঞ্জ ও বিভিন্ন থানায় ২২টি মামলা রয়েছে।
এছাড়া গ্রেফতার অপর আসামি আব্দুর রব সম্পর্কে মামুন মেম্বারের চাচাতো ভাই হন। তার বিরুদ্ধেও ২টি মামলা রয়েছে। পরে আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের শেষে বাকেরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।
এইচকেআর