ভুল চিকিৎসায় রোগী মৃত্যুর পর পালিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ

ভুল চিকিৎসায় একটি বেসরকারি হাসপাতালে রোগী মৃত্যুর অভিযোগ তোলায় রোগীর স্বজনদের মারধর করেছে হাসপাতালের স্টাফরা। এতে ক্ষিপ্ত হয়ে স্টাফদের মারধর করেছে এলাকাবাসী। ভুল চিকিৎসায় মারা যাওয়া রোগীর নাম রুবি আক্তার। সে ২৮নং ওয়ার্ডের দিয়াপাড়া এলাকার রফিক সিকদারের স্ত্রী।
বৃহস্পতিবার (২৮ এপ্রিল) সন্ধ্যায় বরিশালে নগরীর সিএন্ডবি রোড সেন্ট্রাল হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে এই ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন কোতয়ালী মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) লোকমান হোসেন। তিনি শুক্রবার (২৯ এপ্রিল) সকালে বলেন, খবর পেয়ে বৃহস্পতিবার রাতেই ঘটনাস্থলে গিয়েছিলাম। সেখানে হাসপাতাল কর্তৃপক্ষ কাউকে পাইনি। স্থানীয়রা জানিয়েছেন, ঘটনার পরে তারা পালিয়েছেন। আর মৃত রোগীর স্বজনদের বলা হয়েছিল থানায় লিখিত অভিযোগ দিতে। কিন্তু সকাল পর্যন্ত কেউ থানায় লিখিত কোন অভিযোগ দাখিল করেননি।
নিহত রুবি আক্তারের স্বজন সুমন সিকদার বলেন, ভাবি গর্ভবতি ছিলেন। বৃহস্পতিবার সকালে ব্যথা ওঠায় ৮টায় সেন্ট্রাল হাসপাতালে ভর্তি করা হয়। সন্ধ্যা ৬টায় ডা: মুন্সী মুবিনুল হক সিজার করার জন্য অপারেশন থিয়েটারে প্রবেশ করে। কিছুক্ষণ পরই বের হয়ে জানান ভাবি মারা গেছেন। তবে বাচ্চা সুস্থ আছে।
সুমন বলেন, পুরোপুরি সুস্থভাবে ভাবিকে অপারেশন থিয়েটারে প্রবেশ করানো হয়। ভাবি কিভাবে মারা গেছে সেটা জানতে চাইলে হাসপাতালের স্টাফরা আমাদের আটকে মারধর করে। হাসপাতালে যে পরীক্ষাগুলো করেছে তার রিপোর্টগুলোতে তারিখ দেয়া ২০১৫ সালের ২ ফেব্রুয়ারি। বিষয়টি স্থানীয়রা টের পেয়ে আমাদের উদ্ধার করে এবং হাসপাতালের স্টাফদের গণধোলাই দেয়। এরপরেই হাসপাতালের স্টাফরা পালিয়ে যায়।
প্রত্যক্ষদর্শী জাহাঙ্গীর আলম বলেন, রোগীর স্বজন ও হাসপাতাল স্টাফদের মারামারির পর স্বজনদের কয়েকজন হাসপাতালে ইট নিক্ষেপ করে। কিছুক্ষণ পর হাসপাতালের স্টাফরা পালিয়ে যায়।
এমইউআর