উল্টোপাশে বাইক চালাতে গিয়ে ট্রাকের ধাক্কায় চালক নিহত

বরিশাল নগরীতে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে একজন নিহত হয়েছে। নিহত মোটরসাইকেল চালকের নাম মনিরুল ইসলাম (৪০)। সে নগরীর ৩০ নং ওয়ার্ডের কাশিপুর এলাকার সেকেন্দার আলীর ছেলে। বৃহস্পতিবার (২৮ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে বরিশাল-ঢাকা মহসড়কে এ দুর্ঘটনা ঘটে।
এয়ারপোর্ট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ আমানুল্লাহ আল বারী প্রতক্ষদর্শীদের বরাত দিয়ে জানান, পেঁয়াজ ভর্তি একটি ট্রাক ঢাকা থেকে বরিশাল নগরীর দিকে যাচ্ছিল। মোটরসাইকেল চালক মনিরুল ইসলাম সড়কের উল্টো সাইড দিয়ে মোটরসাইকেল চালাচ্ছিলেন। এ সময় মোটরসাইকেলের সঙ্গে ট্রাকের সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল চালক মনিরুল ইসলাম সড়কের ওপর ছিঁটকে পড়েন।
পরে পথচারীরা তাকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মনিরুল ইসলামকে মৃত ঘোষণা করেন।
ওসি তদন্ত আরও বলেন, এ ঘটনায় ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষের পর মোটরসাইকেলের তেলের ট্যাংকি বিস্ফোরিত হয়ে ট্রাকটিতে আগুন ধরে যায়। এতে ট্রাকের সামনের অংশ পুড়ে গেছে। তবে চালক ও হেলপার আগুন লাগার পরপরই ট্রাক থেকে নেমে পালিয়ে গেছেন।
এমইউআর