ঢাকা বরিশাল নৌ-রুটে যুক্ত হলো দিবা সার্ভিস এমভি এ্যাডভেঞ্জার-৬

পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে ঢাকা বরিশাল নৌ-রুটে যুক্ত হলো নতুন লঞ্চ এমভি এ্যাডভেঞ্জার-৬। দিনে যাত্রী পরিবহন করে থাকবে ক্যাটাম্যারান বৈশিষ্ট্যের এমভি নিজাম শিপিং লাইন্সের এই নৌ-যানটি।
নৌ-পরিবহন অধিদফতর ও বিআইডব্লিউটিএর সকল অনুমোদন পাওয়ার পরে আনুষ্ঠানিকভাবে বৃহস্পতিবার (২৮ এপ্রিল) সকাল সাড়ে ৮টায় বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রী নিয়ে চলাচল শুরু করে।
বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল নৌ-বন্দর কর্মকর্তা ও বিআইডব্লিউটিএর যুগ্ম পরিচালক মোস্তাফিজুর রহমান।
তিনি জানান, এবারের ঈদে বরিশাল ঢাকা রুটে এই একটিমাত্র নতুন নৌ-যান যুক্ত হয়েছে। তাছাড়া নিয়মিত রুটে যাত্রী বহনকারী নৌ-যান ছাড়াও এবারের ঈদে স্পেশাল সার্ভিসে মোট ২৮টি লঞ্চ যাত্রী পরিবজন করবে। আমরা যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে সকল প্রস্তুতি গ্রহন করেছি।
এমভি নিজাম শিপিং লাইন্সের পরিদর্শক সাইফুল ইসলাম বলেন, বরিশাল, হিজলা ও ঢাকা রুটে প্রতিদিন যাত্রী পরিবহন করে থাকবে। সকাল সাড়ে ৮টায় বরিশাল থেকে, সকাল ১০টায় হিজলা থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে এ্যাডভেঞ্জার-৬। আর ঢাকা থেকে বিকেল সাড়ে তিনটায় হিজলা ও বরিশালের উদ্দেশ্যে ছেড়ে আসবে।
সাইফুল ইসলাম বলেন, এ্যাডভেঞ্জার-৬ নৌযানে যাত্রীসেবাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। এখানে সকলের ক্রয়ক্ষমতার মধ্যে কেবিনের মূল্য নির্ধারণ করা হয়েছে। ফ্যামিলি কেবিন মাত্র ৩ হাজার টাকা। এছাড়া ইকোনমি ও বিজনেস ক্লাস করা হয়েছে। এরমধ্যে ইকোনমি ক্লাসে ঢাকা-বরিশাল জনপ্রতি ভাড়া ৭০০ টাকা। ঢাকা থেকে হিজলা পর্যন্ত ভাড়া ৬০০ টাকা। আর বিজনেস ক্লাসে ঢাকা থেকে হিজলার ভাড়া ৯০০ টাকা। ঢাকা বরিশালের ভাড়া ১০০০ টাকা। সিঙ্গেল কেবিন ১৫০০ টাকা, ডাবল কেবিন ২৫০০ টাকা এবং ফ্যামিলি কেবিন ৩০০০ টাকা।
তিনি আরো জানান, এমভি এ্যাডভেঞ্জার-৬ এ ৩০টি কেবিন রয়েছে। আর আসন সংখ্যা ৫০০। যেকোন নৌ দুর্ঘটনা রোধে আধুনিক পর্যবেক্ষণ ব্যবস্থা ও উচ্চ ক্ষমতা সম্পন্ন ইঞ্জিন রয়েছে। তাছাড়া অগ্নিনির্বাপনে উন্নত ব্যবস্থার সংযোজন করা হয়েছে। পাশাপাশি দক্ষ চালক ও যাত্রী সেবায় প্রশিক্ষিত কর্মী রয়েছেন।
এইচকেআর