ঢাকা মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬

Motobad news

৪০ কূটনীতিককে বহিষ্কার করলো রাশিয়া

৪০ কূটনীতিককে বহিষ্কার করলো রাশিয়া
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

জার্মান দূতাবাসের ৪০ জন কূটনীতিককে বহিষ্কার করলো রাশিয়া। এপ্রিলের গোড়ায় বার্লিন থেকে ৪০ জন রাশিয়ার কূটনীতিককে বহিষ্কার করেছিল জার্মানি। রাশিয়া তারই জবাব দিল।

তবে জার্মানি এই সিদ্ধান্তকে অন্যায্য বলে দাবি করেছে। খবর রয়টার্সের

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় একটি বিবৃতিতে জানিয়েছে, তারা জার্মান রাষ্ট্রদূতকে ডেকে পাঠিয়ে তার হাতে একটি নোট তুলে দিয়েছে। গত ৪ এপ্রিল জার্মানি বার্লিন থেকে ৪০ জন রুশ কূটনীতিককে বহিষ্কার করেছিল। তারই জবাব দেয়া হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, কূটনীতিকদের বহিষ্কার করার সময় জার্মানির পররাষ্ট্রমন্ত্রী বেয়ারবখ যা বলেছিলেন, তা মানা যায় না। বেয়ারবখ বলেছিলেন, 'রাশিয়ার দূতাবাসের প্রচুর কর্মী প্রতিদিন এখানে থেকে জর্মানির স্বাধীনতার বিরুদ্ধে, সমাজের সংহতির বিরুদ্ধে কাজ করে যাচ্ছেন।'

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, বেয়ারবখ ইউক্রেনের ঘটনা নিয়ে যে ধরনের বক্রোক্তি করেছেন, সেটাও মেনে নেয়া যায় না।

জার্মানির সংবাদসংস্থা ডিপিএ জানিয়েছে, মস্কোয় যতজন জার্মান কূটনীতিক আছেন, তার এক-তৃতীয়াংশের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে রাশিয়া।

সংবাদসংস্থা আরআইএ জানিয়েছে, রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বক্তব্য, তাদের বিরুদ্ধে এই ধরনের কোনো কাজ করলে তার জবাব দেয়া হবে। এমনকী মস্কো জার্মানির সম্পদ বাজেয়াপ্ত করার সিদ্ধান্তও নিতে পারে।

জার্মানির পররাষ্ট্রমন্ত্রী বেয়ারবখ রাশিয়ার এই সিদ্ধান্তের নিন্দা করেছেন। তিনি বলেছেন, 'জার্মানি থেকে রাশিয়ার কূটনীতিকদের বহিষ্কার করা হয়েছিল, কারণ তারা গুপ্তচরবৃত্তি করতো। তাদের কূটনীতিক বলা যায় না।' 

তিনি জানিয়েছেন, 'আমরা রাশিয়ার এই প্রতিক্রিয়া প্রত্যাশা করছিলাম, কিন্তু এই সিদ্ধান্ত একেবারেই ন্যায্য নয়।'

বেয়ারবখ বলেছেন, 'রাশিয়ার যে ৪০ জন কূটনীতিককে বহিষ্কার করা হয়েছিল, তারা একদিনের জন্যও কূটনৈতিক কাজ করেননি। কিন্তু রাশিয়া যাদের বহিষ্কার করলো, তারা কোনো অন্যায় করেননি।'


এসএমএইচ
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন