হত্যা মামলার আসামী ধরতে গেলে পুলিশকে কুপিয়ে হাসপাতালে পাঠালো স্বামী-স্ত্রী

বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলায় হত্যা মামলার প্রধান আসামী গ্রেফতার অভিযানে পুলিশের ওপর হামলা হয়েছে। সোমবার (২৫ এপ্রিল) বেলা ৩টার দিকে উপজেলার ফরিদপুর ইউনিয়নে ইছাপুরা গ্রামে এই ঘটনা ঘটে।
আহত পুলিশের সহবারী উপ-পুলিশ পরিদর্শক (এএসআই) কৃষ্ণকান্ত মিত্রকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, পরবর্তীতে বরিশার শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলাউদ্দিন মিলন। তিনি জানান, মঙ্গলবার (১৯ এপ্রিল) রাতে ওই ইউনিয়নের ৩ নং ওয়ার্ড মেম্বার মামুন ওরফে হাতকাটা মামুনের নেতৃত্বে প্রতিপক্ষ রণি মোল্লার বাড়িতে হামলা চালিয়ে রনি মোল্লাকে কুপিয়ে হত্যা করে। এই ঘটনায় দায়েরকৃত মামলার ১৪ নম্বর আসামী আসামী মনির হাওলাদারকে গ্রেফতারে সোমবার (২৫ এপ্রিল) অভিযানে যায় শার্শী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ তারিক হাসান রাসেলসহ পুলিশ সদস্যরা। অভিযুক্ত মনির হাওলাদারকে আটক করতে গেলে তার স্ত্রী কুলসুম বটি দিয়ে হামলা চালায়। সে পুলিশের এএসআই কৃষ্ণকান্ত মিত্রকে কুপিয়ে জখম করেন। এছাড়া তার সহযোগীরা পুলিশের ওপর হামলা চালায়। তবে পুলিশ হত্যা মামলার অভিযুক্ত আসামী মনির হাওলাদার ও তার স্ত্রীকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে। অন্য হামলাকারীদের শনাক্তে কাজ চলছে।
অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত সরকার জানান, আসামী ছিনিয়ে নিতে মনিরের স্ত্রী পুলিশের উপর আতর্কিত হামলা চালায়। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
এমইউআর