ঢাকা মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬

Motobad news

২৩ লক্ষ টাকা দিয়ে কিনলেন কালো ঘোড়া, গা ধুতেই হয়ে গেল লাল!

২৩ লক্ষ টাকা দিয়ে কিনলেন কালো ঘোড়া, গা ধুতেই হয়ে গেল লাল!
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

শখ ছিল কালো কুচকুচে একটা ঘোড়া কেনার। সে অনুযায়ী তেমনই একটি ঘোড়া খুঁজছিলেন ভারতের পাঞ্জাব রাজ্যের বাসিন্দা রমেশ কুমার। এসময় তিন ঘোড়া ব্যবসায়ীর সঙ্গে আলাপ হয় রমেশের। রমেশ ব্যবসায়ীদের কাছে তার চাহিদার কথা জানান। কালো কুচকুচে ঘোড়া তাকে জোগাড় করে দেওয়ার আশ্বাসও দেন ব্যবসায়ীরা। সেই মতো একটি ঘোড়া নিয়ে এসে রমেশের কাছে হাজির হন জিতেন্দ্র পাল সিংহ সেখোঁ, লখিন্দর সিংহ এবং লাচরা খান নামে ওই তিন ব্যবসায়ী।

ঘোড়াটি দেখে বেশ আহ্লাদিত হয়েছিলেন রমেশ। যাক, মনের মতো ঘোড়া তো পাওয়া গেল! ব্যবসায়ীদের এর জন্য প্রথমে নগদে সাত লক্ষ ৩০ হাজার টাকা দেন রমেশ। পরে বাকি টাকার দু’টি চেক দেন। মোট ২৩ লক্ষ টাকা ব্যবসায়ীদের দেন।
 
এর পরই এই কাহিনি মোড় নেয় ঘোড়াকে স্নান করাতে গিয়ে। কয়েক দিন বাদে ঘোড়াকে ভাল করে স্নান করানোর সিদ্ধান্ত নেন রমেশ। রগড়ে রগড়ে তার প্রিয় পোষ্যকে যখন স্নান করাচ্ছিলেন, আশ্চর্যজনক ভাবে রমেশ খেয়াল করেন ঘোড়ার গা থেকে কালো রং উঠছে। প্রথমে তিনি ভেবেছিলেন হয়তো ঘোড়ার গায়ে ময়লা পড়েছে। কিন্তু ভুল ভাঙে একটু পরেই।

যত তিনি জল দিয়ে ঘোড়ার গা ধুচ্ছিলেন ততই কালো রং উঠে আসছিল। একটা সময় দেখা যায় ঘোড়ার গায়ের রং লাল হয়ে গিয়েছে। ছিল কালো ঘোড়া, জল ঢালতেই হয় গেল লাল! এমন অবস্থা দেখে রমেশের আর বোঝার বাকি থাকেনি যে কত বড় প্রতারণা হয়েছে তার সঙ্গে।

এর পরই পুলিশের দ্বারস্থ হন রমেশ। তিন ব্যবসায়ীর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ দায়ের করেন তিনি।

সূত্র: আনন্দবাজার


এসএম
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন