গৌরনদীতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে নারী-শিশুসহ আহত ৬

জমি নিয়ে পূর্ব বিরোকে কেন্দ্র করে তুচ্ছ ঘটনার জের ধরে রোববার দুপুরে গৌরনদী উপজেলার গোবর্দ্ধন গ্রামে দুই পক্ষের মধ্যে হামলা-পাল্টা হামলা ও সংঘর্ষে নারী-শিশুসহ ৬জন আহত হয়েছে। গুরুতর আহত এক নারীকে মুমুর্ষ অবস্থায় বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংষর্ষে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
প্রত্যক্ষদর্শী, আহত ও এলাকাবাসী সূত্রে জানাগেছে, ওই গ্রামের মৃত সোনামন্দিন খানের স্ত্রী রেনু বেগমের কাছ থেকে তাদের প্রতিবেশী মৃত রহমআলী সিকদার ছেলে মুদি দোকানী মোঃ গিয়াস উদ্দিন সিকদার গত চার বছর পূর্বে তাদের বাড়ির ওপরের ২শতক জমি সাব কবলা দলিল মূলে ক্রয় করেন। জমি বিক্রির পর থেকে আজ অবধি বিক্রেতা রেনু বেগম ও তার ছেলে ফারুক খানসহ অন্যান্য ছেলেরা ক্রেতা গিয়াস উদ্দিন সিকদারকে জমিটুকুর দখল বুঝিয়ে দেয়নি। এ নিয়ে দীর্ঘদিন ধরে তাদের মধ্যে বিরোধ চলে আসছে।
রোববার দুপুরে গিয়াস উদ্দিন সিকদারের দোতলা বাড়ির ভাড়াটিয়া সালমা বেগমের শিশুছেলে মোঃ আলী মোল্লা (১২) খেলার ছলে বাড়ির দোতলা থেকে একটি ঢিল ছোড়ে। ওই ঢিল গিয়ে পড়ে বাড়ির মালিক গিয়াস উদ্দিন সিকদারের প্রতিপক্ষ ফারুক খানের রান্নাঘরে তরকারির পাতিলের ভেতর।
এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে ফারুক খান তার স্ত্রী হোসনেয়ারা, ছেলে আহাদ খান ও তার অপর দুই ভাই শহীদ খান, রফিক খান মিলে লাঠিশোটা ও ধারালো অস্ত্র নিয়ে মোঃ গিয়াস উদ্দিন সিকদারের বাড়িতে হামলা চালায়। এ সময় তারা গিয়াস উদ্দিনের ভারাটিয়া সালমা বেগম (৪০) ও তার শিশুছেলে মোঃ আলী মোল্লা (১২)কে পিটিয়ে আহত করে। এক পর্যায়ে গিয়াসউদ্দিনের পরিবারের লোকজন তাদের প্রতিরোধ গড়ে তুললে উভয় পক্ষের মধ্যে হামলা-পাল্টা হামলা ও সংঘর্ষ শুরু হয়।
প্রায় এক ঘন্টা স্থায়ী ওই হামলা-পাল্টা হামলা ও সংঘর্ষে উভয় পক্ষের মোট ৬ জন আহত হয়। আহতরা হলেন, গিয়াস উদ্দিন সিকদারের স্ত্রী সেতু বেগম (৩৫), তাদের বাড়ির ভারাটিয়া সালমা বেগম (৪০) ও তার শিশুছেলে মোঃ আলী মোল্লা (১২) এবং তাদের প্রতিপক্ষ ফারুক খানের স্ত্রী হোসনেয়ারা (৩০), ছেলে আহাদ খান (২২) ও ভাই শহীদ খান (৩৩)। আহতদের মধ্যে মাথায় যখম হওয়া গুরুতর আহত সেতু বেগম (৩৫)কে মুমুর্ষ অবস্থায় বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অপর আহত ৫জনকে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। সংঘর্ষের সত্যতা নিশ্চিত করে গৌরনদী মডেল থানার ওসি মোঃ আফজাল হোসেন বলেন, সংষর্ষে খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় আইনগত ব্যাবস্থা গ্রহন করা হচ্ছে।
এইচকেআর