চলন্ত বাস থেকে পড়ে ববি শিক্ষার্থী আহত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের বাস চালকরা দিন দিন বেপরোয়া হয়ে উঠছে। তাদের থামানোর যেন কেউ নেই। এরা কেউই আইনের তোয়াক্কা করে না। ফলে একের পর এক দুর্ঘটনা ঘটছে।
সর্বশেষ বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের এক শিক্ষার্থী চলন্ত বাস থেকে পড়ে গুরুতর আহত হয়েছেন। তার নাম সাদিয়া সুলতানা মীম। বর্তমানে তিনি বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল চিকিৎসাধীন।
জানা গেছে, বুধবার (১৬ মার্চ) সকালে নথুল্লাবাদ থেকে বিশ্ববিদ্যালয় রুটের বিআরটিসি-০৮ নাম্বার বাসটি নগরীর আমতলা মোড়ে পৌছালে নামার সময় ওই শিক্ষার্থী পড়ে গিয়ে থুতনি, কপাল, হাত ও পায়ে গুরুতর আঘাত পান। হাসপাতালে নেওয়ার পর তার চার-পাঁচটা সেলাই লেগেছে।
বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুলের ম্যানেজার মেহেদী হাসান বলেন, এ বিষয়ে তিনি অভিযোগ শোনার পর বাস ড্রাইভারের সাথে কথা বলেছেন, ড্রাইভার জানিয়েছে, ওই শিক্ষার্থী যেখানে নেমেছিলেন সেখানে কোন স্টপেজ ছিল না। তিনি লাফ দিয়ে নামতে গিয়ে আহত হয়েছেন।
পরিবহন পুলের ম্যানেজার আরো বলেন, তিনি ড্রাইভারদের সঙ্গে বৈঠক করে ব্যবস্থা নেবেন এবং এমন দুর্ঘটনা যেন আর না ঘটে সে বিষয়ে খেয়াল রাখবেন।
এদিকে নির্ধারিত সময় বাস না ছাড়া, স্টপে না থামানো, ভাঙা সিট, স্টপে থামালেও তড়িঘড়ি করে বাস ছেড়ে দেওয়ার অভিযোগ করেছেন শিক্ষার্থীরা।
নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী বলেন, বিআরটিসি অধিকাংশ বাসই মানহীন। সিট ভাঙ্গা। মাঝে মাঝে সিটে বসলে পেছন ভিজে যায়। খারাপ পরিস্থিতিতে পড়তে হয়৷
এইচকেআর